নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- গত ২৮ ফেব্রুয়ারি রাজ্যে নির্বাচন কমিশন দ্বারা প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। এদিকে রাজনৈতিক মহলে জোর জল্পনা ভোটের আর বেশি দেরি নেই । খুব শীঘ্রই ঘোষণা হবে ভোটের দিনক্ষণের। এই পরিস্থিতিতে ভোটার তালিকা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। বিষয়টি নিয়ে সরব হয়েছে বামেরা। তাদের অভিযোগ ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে যোগ্য ভোটারদের নাম। আসন্ন বিধানসভা ভোটের আগে বাদ পড়া ভোটারদের নাম তালিকায় পুনঃ অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছে তারা।
এই অভিযোগকে সামনে রেখে বৃহস্পতিবার দুর্গাপুরের মহকুমা শাসক (এসডিও) দপ্তর ঘেরাও করে অবস্থান বিক্ষোভ দেখায় বাম সংগঠনগুলি। বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়, সিপিএম নেতা সিদ্ধার্থ বসু, গৌরাঙ্গ চট্টোপাধ্যায় সহ জেলার একাধিক বাম নেতৃত্ব। কয়েক ঘণ্টা ধরে চলে এই অবস্থান বিক্ষোভ।
বাম নেতাদের দাবি, ভোটার তালিকা সংশোধনের নামে বহু বৈধ ভোটারকে ‘বিচারাধীন’ অবস্থায় রেখে দেওয়া হয়েছে। আবার অনেক ক্ষেত্রেই ইচ্ছাকৃতভাবে বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এর ফলে বহু সাধারণ মানুষ ভোটাধিকার প্রয়োগ করা নিয়ে অনিশ্চয়তায় পড়ছেন। দ্রুত এই সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা।
এই প্রসঙ্গে বাম নেত্রী ঐশী ঘোষ বলেন, “ভোটার তালিকা থেকে পরিকল্পিতভাবে মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে। বহু বৈধ ভোটারকে অকারণে বিচারাধীন করে রাখা হয়েছে। গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার এই চেষ্টা আমরা মেনে নেব না। যতক্ষণ না সব বৈধ ভোটারের নাম পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে, ততক্ষণ আমাদের আন্দোলন চলবে।”
বামেদের এই বিক্ষোভকে কেন্দ্র করে দুর্গাপুর মহকুমা শাসক দপ্তর চত্বরে কিছু সময়ের জন্য উত্তেজনার পরিবেশ তৈরি হয়। তবে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য মোতায়েন করা হয়েছিল অতিরিক্ত পুলিশ বাহিনী।


















