রিমা ঘোষ, আমতা, হাওড়া :- সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ক্ষেত্রে নারীদের অবদানকে স্বীকৃতি দেওয়া এবং তাদের অধিকার, লিঙ্গ বৈষম্য দূরীকরণ ও লিঙ্গ সমতা বজায় রাখার উদ্দেশ্যে জাতিসংঘ ১৯৭৫ সালকে “আন্তর্জাতিক নারী বর্ষ” হিসেবে ঘোষণা করে। তারপর থেকে প্রতি বছর ৮ ই মার্চ দিনটি বিশ্বব্যাপী আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে নারীদের অধিকার এবং প্রতিদিনের সমস্যা ও সংগ্রাম সম্পর্কে সচেতন করার লক্ষ্যে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে এবং আমতা থানার সক্রিয় সহযোগিতায় থানার সেমিনার কক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পাঁচজন কৃতি মহিলাকে সম্মানিত করা হয়। পাশাপাশি মহিলা কনস্টেবল ও মহিলা সিভিক ভলান্টিয়ারদেরও সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতা থানার সিআই দীপউজ্জ্বল ভৌমিক, আমতা থানার ওসি মফিজুল আলম সহ আরও অনেকেই।
অনুষ্ঠানে ভৌমিকবাবু বলেন, নারীরা হলেন সমাজের স্তম্ভ এবং তাদের বাদ দিয়ে কোনো সমাজ উন্নতি করতে পারেনা।


















