শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়া:- শুশুনিয়ায় অবস্থিত বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের বাঁকুড়া ক্যাম্পাসে ‘অন্নপূর্ণা ছাত্রী নিবাস’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। এই ছাত্রী নিবাস নির্মাণের জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে ওয়েস্ট বেঙ্গল স্টেট সিড কর্পোরেশন। নতুন এই ছাত্রী নিবাস নির্মিত হলে পড়াশোনার জন্য দূরদূরান্ত থেকে আসা ছাত্রীদের আবাসনের সুবিধা আরও উন্নত হবে বলে মনে করছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পড়ুয়ারা।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে ‘অন্নপূর্ণা ছাত্রী নিবাস’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড: অশোক কুমার পাত্র। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য বীজ নিগমের ডিরেক্টর তথা ছাতনার প্রাক্তন বিধায়ক শুভাশিস বটব্যাল সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আধিকারিক, অধ্যাপক অধ্যাপিকা ও ছাত্রছাত্রীরা।
নতুন এই ছাত্রী নিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা আনন্দ প্রকাশ করেন। তাঁদের আশা, এই উদ্যোগ ভবিষ্যতে পড়াশোনার পরিবেশকে আরও উন্নত করবে এবং অনেক ছাত্রী উপকৃত হবেন।


















