eaibanglai
Homeএই বাংলায়বকেয়া ডিএ-এর দাবিতে রাজ্যজুড়ে চলছে ধর্মঘট, দুর্গাপুরে অবস্থান বিক্ষোভ

বকেয়া ডিএ-এর দাবিতে রাজ্যজুড়ে চলছে ধর্মঘট, দুর্গাপুরে অবস্থান বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- ডিএ মামলায় সম্প্রতি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ-এর ২৫% অবিলম্বে মেটাতে হবে। তা সত্ত্বেও বকেয়া ডিএ মেটানোর কোন ব্যবস্থাই নিচ্ছে না রাজ্য সরকার। এই অভিযোগে শুক্রবার রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক দেয় সংগ্রামী যৌথ মঞ্চ। আর কর্মচারীদের এই ধর্মঘটকে ঘিরে রাজ্যের বিভিন্ন জেলায় মিশ্র প্রভাব পড়েছে বলে দাবি সংগঠনের।

এদিকে দুর্গাপুরেও ধর্মঘটকে কেন্দ্র করে কর্মসূচি পালন করে সংগ্রামী যৌথ মঞ্চ। এদিন সিটিসেন্টারে আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ (এডিডিএ) দফতরের সামনে সামিল হন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা এবং রাজ্য সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। পাশাপাশি অবস্থান বিক্ষোভেও অংশ নেন সংগঠনের সদস্যরা।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে রাজ্য সরকার তাদের ন্যায্য দাবি উপেক্ষা করে চলেছে। তাই বাধ্য হয়েই তারা ধর্মঘট ও বিক্ষোভের পথে নেমেছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তাঁরা।

প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্য সরকার ও সরকারি কর্মীদের মধ্যে দীর্ঘ দিন ধরেই ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে আইনি লড়াই চলছিল। সেই মামলায় গত ৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট রায় ঘোষণা করে। রায়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে জানিয়ে দেয়, ৩১ মার্চের মধ্যে বকেয়া 25% ডিএ মিটিয়ে দিতে হবে রাজ্যের সরকারি কর্মীদের। আর বাকিটা কীভাবে কবে মেটানো হবে তার জন্য প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে একটি কমিটিও গঠন করে দেয়।

এদিকে সূত্রের খবর সুপ্রিম কোর্টের এই রায়ের বিরুদ্ধেই পাল্টা রিভিউ পিটিশন দাখিল করেছে রাজ্য সরকার। এরই মাধ্যমে রাজ্য সরকার সুপ্রিম কোর্টকে তার নিজের রায়ই আনুষ্ঠানিকভাবে পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে। যার কারণে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা অন্য দিকে মোড় নিতে পারে বলেও মনে করছেন একাংশ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments