নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- চলন্ত চারচাকা গাড়িতে আগুন লেগে আতঙ্ক ছড়াল কাঁকসার ত্রিলোকচন্দ্রপুর মোড় এলাকায়। যদিও ওই অগ্নিকাণ্ডের জেরে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
জানা গিয়েছে, একটি চারচাকা গাড়ি পানাগড়ের দিক থেকে ইলামবাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি ত্রিলোকচন্দ্রপুর মোড়ের কাছে পৌঁছাতেই হঠাৎ ইঞ্জিনের দিক থেকে ধোঁয়া বের হতে শুরু করে। মুহূর্তের মধ্যেই ধোঁয়ার পরিমাণ বাড়তে থাকে। কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিন থেকে আগুনের লেলিহান শিখা বের হতে শুরু করে। পরিস্থিতির গুরুত্ব বুঝে গাড়ির আরোহীরা তড়িঘড়ি গাড়ি থামিয়ে নেমে পড়েন। ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
এদিকে বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা দমকল ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। দমকলকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভানোর কাজ চলাকালীন ওই এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলেও বিঘ্ন ঘটে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
কীভাবে চলন্ত গাড়িতে আগুন লাগলো জানা না গেলেও দমকল কর্মীদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের কারণেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।


















