নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– বর্ষার প্রস্তুতিতে মঙ্গলবার দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে পাঁচ জেলার প্রশাসনিক কর্তাদের নিয়ে উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ডেঙ্গি রুখতে দিলেন সতর্কবার্তা । জল জমলেই জবাবদিহি দিতে হবে বলেও স্পষ্ট জানিয়ে দিলেন তিনি।
বৈঠকে মন্ত্রী জানান বর্ষার মরশুমে কোথাও যাতে জল না জমে সেজন্য এলাকাভিত্তিক দায়িত্ব বণ্টন করে সংশ্লিষ্ট আধিকারিকদের নজরদারিতে রাখতে হবে। জল নিকাশি ব্যবস্থাকে আরও সক্রিয় ও কার্যকর করার উপর বিশেষ গুরুত্ব দিতে। পাশাপাশি বর্ষাকালে ল্যাম্পপোস্ট বা বিদ্যুৎ সংক্রান্ত ত্রুটির কারণে শর্ট সার্কিট ও দুর্ঘটনা রুখতেও বিশেষ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
পরে তিনি জানান, ডেঙ্গির কারণে যাতে একজন মানুষেরও মৃত্যু না হয়, তার জন্য বিষয়ে নজরদারি চালানো হবে। নিকাশি নালা পরিষ্কার রাখা, জমা জল অপসারণ এবং স্বাস্থ্য দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তাদের।
শুধু স্বাস্থ্য বা জল নিকাশি নয়, সরকারি সম্পত্তি রক্ষার বিষয়েও এদিন কঠোর বার্তা দেন মন্ত্রী। তিনি বলেন, সরকারি জমি বা জায়গা অবৈধভাবে দখল করলে কোনওভাবেই রেহাই দেওয়া হবে না। আইন মেনে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে।
এদিনের বৈঠকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ও বীরভূম এই পাঁচ জেলার জেলাশাসক, পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়াও উপস্থিত ছিলেন পাঁচ জেলার পুরসভা ও নগর নিগমের আধিকারিকরাও ।
এদিনের বৈঠকে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী কলিতা মাঝি ও মৌমিতা বিশ্বাস মিশ্র। এছাড়াও ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণচন্দ্র ঘড়ুই, পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি, সাংসদ সৌমিত্র খাঁ-সহ পাঁচ জেলার একাধিক বিধায়ক।


















