সন্তোষ কুমার মণ্ডল,আসানসোল ও দুর্গাপুরঃ- নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পরদিনই আংশিক প্রার্থিতালিকা ঘোষণা করে দিয়েছে বাম এবং বিজেপি। রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে প্রথম দফায় বিজেপি ১৪৪টি আসনে ও বামেরা ১৯২টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে। তার মধ্যে পশ্চিম বর্ধমান জেলার ৯টি বিধানসভা কেন্দ্রের ৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে দুই দলই।
বিজেপির তরফে আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে বিদায়ী বিধায়ক অগ্নিমিত্রা পালকে আবারও প্রার্থী করা হয়েছে। আসানসোল উত্তর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে কৃষ্ণেন্দু মুখার্জিকে। কুলটি কেন্দ্রে বিদায়ী বিধায়ক ড. অজয় পোদ্দার এবং জামুরিয়া কেন্দ্রে ড. বিজন মুখোপাধ্যায়কে প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি। পাণ্ডবেশ্বর কেন্দ্রে জিতেন্দ্র তিওয়ারিকে প্রার্থী করা হয়েছে। এছাড়া দুর্গাপুর পূর্বে চন্দ্রশেখর ব্যানার্জী, দুর্গাপুর পশ্চিমে বিদায়ী বিধায়ক লক্ষণ ঘোড়ুইকে প্রার্থী করা হয়েছে।
অন্যদিকে বামফ্রন্টের শরিক সিপিআইএমের পক্ষ থেকে আসানসোল দক্ষিণে কমরেড শিল্পা চক্রবর্তীকে প্রার্থী করা হয়েছে। এছাড়া জামুরিয়া কেন্দ্রে সিপিআইএমের প্রার্থী করা হয়েছে মহম্মদ সাবির হোসেনকে। কুলটি কেন্দ্রে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে ভবানী আচার্যের। রানিগঞ্জ কেন্দ্রে প্রার্থী করা হয়েছে নারায়ণ বাউড়িকে। আর পাণ্ডবেশ্বরে প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে প্রবীর মণ্ডলকে। অন্যদিকে দুর্গাপুর শিল্পাঞ্চল থেকে দুর্গাপুর পূর্বে সীমান্ত চ্যাটার্জী, দুর্গাপুর পশ্চিম প্রভাস সাঁইকে প্রার্থী করা হয়েছে।
তবে বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকায় এখনও বারাবনি ও রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। অন্যদিকে সিপিআইএমের তরফেও প্রথম দফার তালিকায় আসানসোল উত্তর ও বারাবনি কেন্দ্রের কোনও প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।
সিপিএমের দলীয় সূত্রে জানা গেছে, সম্ভাব্য জোট গঠনের ক্ষেত্রে জোটপ্রার্থীর জন্য এই দুটি বিধানসভা কেন্দ্র ছেড়ে দেওয়া হতে পারে।


















