সংবাদদাতা,বাঁকুড়াঃ- রাজ্যে পালা বদলের পর থেকেই প্রাক্তন শাসক দলের নেতা মন্ত্রী বিধায়ক থেকে সাধারণ কার্যকর্তাদের বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িত থাকার ঘটনা সামনে আসছে। এই আবহেই এবার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোৎস্না মাণ্ডির বিধায়ক কার্যালয় থেকে বিপুল ত্রাণসামগ্রী উদ্ধার হল। শনিবার বিজেপি কর্মী ও স্থানীয়রা খাতড়া বাজারের পাম্প মোড়ের ওই কার্যালয়ের দরজা ভেঙে ত্রিপল, কম্বল, শাড়ি, সাইকেল সহ সরকারি সামগ্রী উদ্ধার করেন।
বিজেপি কর্মীদের দাবি, ওই কার্যালয়ে থরে থরে সাজিয়ে রাখা ছিল ত্রাণের অসংখ্য ত্রিপল, কম্বল, শিশুদের জামাকাপড়, বিশেষভাবে চাহিদা সম্পন্নদের দেওয়ার জন্য ট্রাই সাইকেল সহ বিভিন্ন সরকারি সামগ্রী। এমনকি দীর্ঘদিন ধরে ডাঁই করে রাখা থাকায় কম্বল, ত্রিপল ও পোশাকগুলির একাংশ উইপোকার ধরে নষ্টও হয়ে গিয়েছে। এর পাশাপাশি কার্যালয় থেকে লাঠি, রড, তলোয়ার-সহ বেশ কিছু অস্ত্রশস্ত্রও মিলেছে বলে অভিযোগ। বিজেপির দাবি, সরকার বদল না হলে বিরোধীদের আক্রমণের উদ্যেশ্যে দলীয় কার্যালয়ে রড লাঠি ও তলোয়ারও মজুত করে রাখা হয়েছিল। গোটা ঘটনার তদন্তের দাবি জানিয়েছে তারা।
অন্যদিকে স্থানীয়দের একাংশের অভিযোগ, এলাকার অনেক গরীব মানুষই বর্ষা ও শীতে একটা ত্রিপল বা কম্বলের জন্য আবেদন নিবেদন করেও পাননি। অথচ সরকারি সেই সব সামগ্রী এতদিন ধরে তৎকালীন বিধায়ক তথা মন্ত্রী নিজের দলীয় কার্যালয়ে মজুদ করে রেখেছিলেন। যদিও পুরো ঘটনায় মন্ত্রীর কোন মন্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে বিধায়ক কার্যালয় থেকে উদ্ধার হওয়া সামগ্রী ব্লক প্রশাসনের হাতে তুলে দেওয়া হয় এবং ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়।

















