নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বাংলা ক্যালেন্ডার বলছে চৈত্রের শুরু, আর এই ঘোর বসন্তের মধ্যেই ডেঙ্গুর প্রকোশ শহর দুর্গাপুরে। ইতিমধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে শিল্পাঞ্চলের স্টিল টাউনশিপে। মৃত ব্যক্তির নাম মনোজ কুমার দাস (৪৬)। তিনি স্টিল টাউনশিপের সেকেন্ডারির এলাকার বাসিন্দা ছিলেন এবং পানাগড়ের একটি বেসরকারি ক্লিনিকে কাজ করতেন। চলতি মাসের ১৫ তারিখে তাঁর মৃত্যু হয়।
স্বাস্থ্য দপ্তরের সূত্রে জানা গিয়েছে, দোল উৎসবের সময় থেকেই তিনি জ্বরে ভুগছিলেন। প্রথমদিকে সাধারণ জ্বর বলে মনে হলেও ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। জ্বর বাড়ার পাশাপাশি তাঁর মুখ ও নাক দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। এরপরই গত ১৩তারিখ তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় এবং রক্ত পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। সেখানেই চিকিৎসারত অবস্থায় গত ১৫ তারিখ তার মৃত্যু হয়। হাসপাতালের ডেথ সার্টিফিকিটে মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গু উল্লেখ করা হয়েছে।
এদিকে মনোজবাবুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রীতিমতো অতঙ্ক ছড়িয়ে পড়ে। ডেঙ্গু নিয়ে উদ্বেগ প্রকাশ করেন স্থানীয়রা। খবর পেয়ে রাজ্য নগর উন্নয়ন দপ্তরের আধিকারিকরা মৃতের বাড়িতে যান এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। রাজ্য নগর উন্নয়ন দপ্তরের সার্ভে কর্মী কবিতা চৌধুরী জানান, পুরো এলাকাকে নজরদারির মধ্যে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
অন্যদিকে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এরপরই গোটা এলাকায় মশা মারার ওষুধ স্প্রে করা হয় ও স্থানীয়দের ডেঙ্গু নিয়ে সচেতন করা হয়।


















