সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- রাজ্যে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সীমানায় ১৯ নম্বর জাতীয় সড়কের সীমান্ত চেকপোস্ট, আসানসোলের কুলটির ডুবুরডিহি চেকপোস্টে কড়া নজরদারি তথা নাকাচেকিং শুরু করল প্রশাসন।
এই নাকা চেকিংয়ে এসএসটি (স্ট্যাটিক সার্ভিল্যান্স টিম)-এর ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, আবগারি দফতর, আয়কর দফতর, চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ এবং কুলটি ট্রাফিক গার্ড যৌথভাবে অভিযান চালাচ্ছে। নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে প্রতিটি গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হচ্ছে এবং যাত্রীদের গন্তব্য সংক্রান্ত তথ্য রেজিস্টারে নথিভুক্ত করা হচ্ছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, অন্য রাজ্য থেকে যাতে কোনওভাবে অবৈধ অস্ত্র, বেআইনি নগদ অর্থ বা নিষিদ্ধ সামগ্রী এরাজ্যে প্রবেশ করতে না পারে, তা নিশ্চিত করা হচ্ছে এই নাকাচেকিংয়ে। সেই কারণেই সীমান্তবর্তী ও গুরুত্বপূর্ণ চেকপোস্টগুলিতে নজরদারি জোরদার করা হয়েছে। ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই নজরদারি বজায় থাকবে।
তবে শুধু ডুবুরডিহি নয় শান্তিপূর্ণ এবং স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনের নির্দেশে জেলার সমস্ত গুরুত্বপূর্ণ নাকা পয়েন্টেই একইভাবে তল্লাশি ও অভিযান শুরু হয়েছে।


















