নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– আগামী ২৩ এপ্রিল পশ্চিম বর্ধমান জেলায় সম্পন্ন হবে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহন প্রক্রিয়া। আর আসন্ন এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দুর্গাপুরে শহর জুড়ে শুরু হয়েছে কড়া নজরদারি। শহরে নিরাপত্তা জোরদার করতে একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় চলছে নাকা চেকিং। স্থানীয় পুলিশের পাশাপাশি মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও।
কোকওভেন থানা এলাকার ডিভিসি মোড়, দুর্গাপুর ব্যারেজ সংলগ্ন পচা খাল এলাকা এবং দুর্গাপুর থানা এলাকার সবুজ নগর সহ বিভিন্ন জায়গায় এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। চারচাকা গাড়ি থামিয়ে ডিকি খুলে খুঁটিয়ে তল্লাশি করা হচ্ছে। পাশাপাশি চালক ও যাত্রীদের জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন করার জন্যই এই উদ্যোগ বলে জানিয়েছে প্রশাসন।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে শহরের নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের নাকা চেকিং আরও জোরদার করা হবে ও নির্বাচন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই তল্লাশি ও নজরদারি চলবে।


















