সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- শান্তি ও সুষ্ঠু ভাবে নির্বাচন করতে ইতিমধ্যেই তৎপড়তা শুরু করেছে নির্বাচন কমিশন। সেই মতো পশ্চিম বর্ধমান জেলা জুড়ে শুরু হয়েছে কড়া নজরদারি। জেলায় আন্তঃরাজ্য ও আন্তঃজেলা মিলিয়ে মোট ২৩ টি নাকা পয়েন্ট করা হয়েছে। এরই মধ্যে আসানসোল শহরে নাকা চেকিংয়ের সময় উদ্ধার হল প্রচুর পরিমাণে বিদেশি মুদ্রা। সঙ্গে উদ্ধার হয়েছে বড় অঙের ভারতীয় মুদ্রাও। ঘটনায় গাড়ি-সহ আটক করা হয়েছে এক যুবককে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে ১৯ নম্বর জাতীয় সড়কে কালিপাহাড়ি নাকা চেকিংয়ে গাড়িটি ধরা পড়ে। কলকাতা থেকে আসানসোলমুখী ওই গাড়িটি নাকা চেকিংয়ের সময় দাঁড় করানো হয় এবং তল্লাশি করা হয়। আর তাতেই ওই গাড়ি থেকে উদ্ধার হয় ৪০০ ইউএস ডলার, ৬২০০ দিরহাম ও দেড় লক্ষ ভারতীয় টাকা। তদন্তকারীরা এই টাকার উৎস জানতে চাইলে গাড়িতে থাকা যুবক সঠিক উত্তর দিতে পারেননি। এরপরই উদ্ধার হওয়া মুদ্রা বাজেয়াপ্ত করে পুলিশ ও জিজ্ঞাসাবাদের জন্য গাড়ি সহ যুবককে আটক করে থানায় নিয়ে যায়।
এই প্রসঙ্গে শনিবার আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসিপি ( সেন্ট্রাল) ধ্রুব দাস বলেন, “শুক্রবার রাতে কালাপাহাড়িতে নাকা চেকিংয়ে একটি চারচাকা গাড়ি থেকে বেশ কিছু বিদেশি মুদ্রা ও ভারতীয় টাকা পাওয়া গেছে। গাড়িতে থাকা যুবক এই বিদেশি মুদ্রা ও ভারতীর টাকার ব্যাপারে কোন সদুত্তর দিতে পারেননি। তাকে জেরা করে ছেড়ে দেওয়া হয়েছে। টাকা ও বিদেশি মুদ্রা ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনকে গোটা বিষয়টি জানানো হয়েছে। যুবককে প্রমাণ সহ পরে আসতে বলা হয়েছে।”
একই সাথে ভোটের মুখে এত পরিমাণের বৈদেশিক মুদ্রা ও ভারতীয় অর্থ কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।


















