সংবাদদাতা,বাঁকুড়াঃ- রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সমস্ত সরকারি বাসে মহিলাদের যাতায়াত সম্পূর্ণ ফ্রি কথা ঘোষণা হয়। সেই ঘোষণা মতো গত ১লা জুন সারা রাজ্যের পাশাপাশি বাঁকুড়া জেলাযতেও আনুষ্ঠানিকভাবে মহিলাদের জন্য বিনামূল্যে সরকারি বাস পরিষেবার সূচনা করে জেলা প্রশাসন। কিন্তু অভিযোগ ঘোষণা কাগজে কলমেই থেকে গিয়েছে। উল্টে নাকি মহিলা যাত্রী দেখলেই না দাঁড়িয়ে দ্রুত গতিতে পালিয়ে যাচ্ছে সরকারি বাস।
সম্প্রতি দেখা যায় খাতড়া-বাঁকুড়া ২ নম্বর রাজ্য সড়কের ইন্দপুর থানার গোবিন্দপুর মোড়ে মহিলা যাত্রীদের দেখেই হেডলাইট জ্বেলে দ্রুত গতিতে বেরিয়ে যায় মানবাজার-বহরমপুর রুটের সরকারি বাস। অপেক্ষমাণ মহিলাদের মধ্যে কয়েকজন সরকারি কর্মচারী ও সাধারণ যাত্রীও ছিলেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, “ওই সরকারি বাসটি মহিলা দেখলেই আর স্টপেজ দেয় না। কিন্তু পুরুষরা থাকলে স্টপেজ দেয়। সরকার ফ্রি পরিষেবার ঘোষণা করলেও বাস চালক-কন্ডাক্টররা তা মানছেন না।”
যদিও অভিযোগ মানতে চাননি বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। তাঁর দাবি অভিযোগ সত্যি নয়। সরকারি বাস নির্দিষ্ট স্টপেজ ছাড়া দাঁড়ায় না। নির্দিষ্ট স্টপেজ থেকে বাসে উঠলে অবশ্যই মহিলারা বানামূল্যে যাত্রার সুযোগ পাবেন বলে দাবি করেন তিনি।


















