নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিত্যনতুন চমক দিতে ব্যস্ত ভোট প্রার্থীরা। কেউ সবজি বিক্রি করছেন, কেউ চপ ভাজছেন, কেউ আবার ভ্যন চালাচ্ছেন। তবে দুর্গাপুরে রবিবার সকালে দেখা গেল এক অন্য ছবি। ভোট প্রচারে বেরিয়ে বদ্ধার জলের বালতি বয়ে দিলেন প্রার্থী।
এদিন দুর্গাপুর পশ্চিমের বেনাচিতি বাজারের পাশের ১৮ নম্বর ওয়ার্ডের নিশানহাট এলাকার বাসিন্দারা মিউনিসিপ্যালিটির ট্যাপ কল থেকে জল সংগ্রহ করছিলেন। প্রচার চলাকালীন বিজেপি প্রার্থী লক্ষ্মণ ঘোড়ুই বয়স্ক মানুষদের সাহায্য করতে এগিয়ে যান এবং নিজে হাতে জলের বালতি বয়ে তাঁদের বাড়ি বাড়ি পৌঁছে দেন।
প্রার্থী অভিযোগ করেন, বহু মানুষ এখনও নিত্যপ্রয়োজনীয় পরিষেবা থেকে বঞ্চিত। বিশেষ করে পানীয় জলের সমস্যা এখানে চরম আকার ধারণ করেছে। অনেক দূর থেকে জল আনতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ, এমনকি বৃদ্ধ-বৃদ্ধারাও এই কষ্টের শিকার হচ্ছেন। এই পরিস্থিতি দেখেই তিনি ওই বয়স্তদের সাহায্য করার সিদ্ধান্ত নেন।
এই ঘটনাকে সামনে রেখে তিনি রাজ্য সরকারের সমালোচনায় সরব হন বিজেপি প্রার্থী। তাঁর দাবি, কেন্দ্র সরকারের হর ঘর জল প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু রাজ্যে সেই কাজ সঠিকভাবে করতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি তিনি আরও অভিযোগ করেন, এলাকায় পর্যাপ্ত আলো নেই, অন্যান্য পরিষেবাও নেই। তিনি দাবি করেন, “আমরা ক্ষমতায় এলে প্রতিটি মানুষের কাছে প্রয়োজনীয় পরিষেবা পৌঁছে দেওয়া হবে। কাউকে আর কষ্ট করে দূর থেকে জল আনতে হবে না।”
অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে কটাক্ষ করেছে তৃণমূল। ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি কাজল বন্দ্যোপাধ্যায় পাল্টা কটাক্ষ করে বলেন, “পাঁচ বছর এদের দেখা নেই। ভোট এলেই, জল দেওয়া, বোঝা বওয়া সবই এখন সম্ভব। কিন্তু ভোট শেষ হলেই আর এদের দেখা যাবে না। বাংলার মানুষ এসব বুঝে গিয়েছে, তাই ওদের প্রত্যাখ্যান করছে।”

















