নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– ভোটার তালিকা থেকে গরীব মানুষদের নাম বাদ দেওয়ার প্রতিবাদ। দুর্গাপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ সিপিএমের। অভিযোগ শুনানিতে ডাক পাওয়ার পর যথাযথ নথি জমা দেওয়ার পরে চূড়ান্ত ভোটার তালিকা থেকে ভোটারদের নাম বাদ পড়েছে। চতুর্থ অতিরিক্ত তালিকা বার হওয়ার পরেও অনেকের নাম ওঠেনি।
সোমবার সকালে দুর্গাপুরের ভগৎ সিং ক্রীড়াঙ্গনের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে সিপিএম। এই কর্মসূচির নেতৃত্ব দেন জামুরিয়ার সিপিএম প্রার্থী ঐশী ঘোষ। আধ ঘন্টারও বেশি সময় ধরে চলে অবরোধ। অবশেষে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী এলাকায় পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।
সিপিএম প্রার্থী ঐশী ঘোষ বলেন,”দেশের গণতান্ত্রিক কাঠামো ভেঙে ফেলছে কেন্দ্রীয় সরকার। রাজ্যের ৬০ লক্ষ মানুষের নাম বিচারাধীন। তারা এখন কোথায় যাবেন। নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকারের মদতে কাজ করছে। যারা এই দেশের বৈধ নাগরিক তাদের নামও বাদ দেওয়া হচ্ছে। তাদেরকে বিপাকে ফেলা হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রীও বলেছিলেন একজনের নাম বাদ দিতে দেবো না। কিন্তু উনি তো এখন হেলিকপ্টারে ঘুরে বেড়াচ্ছেন। কিছুই করতে পারছেন না।”



















