সন্তোষ কুমার মণ্ডল,ধানবাদঃ- ধানবাদের রাজগঞ্জ থানার স্টেশন হাউস অফিসার (এসএইচও) আলিশা কুমারীকে একটি গানে বেশ কয়েক জনের সঙ্গে নাচতে দেখা যাচ্ছে। এমনই একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে (যদিও ভিডিওর সত্যতা যাছাই করেনি এই বাংলায় ওয়েব পৌর্টাল)। এদিকে এই ভিডিওটি সামনে আসার পরই ঝাড়খণ্ড পুলিশ মহলে চাঞ্চল্য তৈরি হয়। ইতিমধ্য়েই কর্তব্যে গাফিলতির অভিযোগে আলিশা কুমারীকে সাময়িক বরখাস্ত করে, দায়িত্ব থেকে সরিয়ে লাইনে ক্লোজ করা হয়েছে। তার বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত।
জানা গেছে, সম্প্রতি, ধানবাদে চৈত্র নববাত্রি উপলক্ষে একটি ডান্ডিয়া নাইট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে রাজগঞ্জ থানার স্টেশন হাউস অফিসার (এসএইচও) আলিশা কুমারীকে নাচতে দেখা যায় ওই ভাইরাল হওয়া ভিডিওটিতে। তাকে পুলিশের পোশাকে আরেকজন মহিলা পুলিশ অফিসারের সাথে ভোজপুরি গানের তালে নাচতে দেখা যায়। তাদের সঙ্গে আরো বেশ কয়েকজন মহিলাও ছিলেন।
জানা গেছে, অনুষ্ঠানে উপস্থিত মহিলা ও মেয়েদের অনুরোধেই স্টেশন হাউস অফিসার (এসএইচও) নেচেছিলেন। অনেকেই সেই ভিডিওটি তাদের মোবাইলে তোলেন। পরে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়। যা দ্রুত ভাইরাল হয়ে যায়।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ এটাকে পুলিশের মানবিক আচরণ বলছেন। আবার অনেকেই এই ধরনের আচরণকে কর্তব্যরত অবস্থায় শৃঙ্খলাভঙ্গ বলে আখ্যা দিচ্ছেন।
অন্যদিকে শোরগোল পড়ে যায় ধানবাদ জেলা পুলিশ মহলেও। বিষয়টি সামনে আসতেই কড়া পদক্ষেপ নেন ধানবাদের এসএসপি প্রভাত কুমার৷ আলিশা কুমারীকে সাসপেন্ড করে তার দায়িত্ব থেকে সরিয়ে লাইনে ক্লোজ করার নির্দেশ দেন। একই সঙ্গে তিনি বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়ে জানিয়েছেন পুলিশে শৃঙ্খলা সবার উপরে। সবাইকে তা মেনে চলতে হবে। কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না।


















