নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- মনোনয়ন পর্ব দাখিল ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল দুর্গাপুরে। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কর্তব্যরত পুলিশ আধিকারিককে ধাক্কা মারার অভিযোগ।
প্রসঙ্গত এদিন দুর্গাপুরের মহকুমা শাসক দপ্তরে মনোনয়ন পর্ব দাখিল করতে যাচ্ছিলেন দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। সেই সময় মহকুমা শাসককের দপ্তরের সামনে তৃণমূল কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। চন্দ্রশেখরবাবুর সঙ্গে থাকা বিজেপি কর্মীরাও পাল্টা ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে শুরু করেন। এতে ব্যাপক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। এমনকি পুলিশ পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি বেধে যায় বিজেপি কর্মীদের। এমনকি বিজেপি প্রার্থী ও কর্মীরা দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জীব দেকে ধাক্কা মেরে সরিয়ে দেন বলে অভিযোগ।
ঘটনা প্রসঙ্গে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে বিজেপি প্রার্থী জানান, তিনি আগে থেকেই প্রশাসনের কাছে দিন, তারিখ, সময় জানিয়ে মনোনয়ন জমা দিতে এসেছেন। মহকুমা শাসকের দপ্তরের সামনে ১৪৪ ধারা জারি রয়েছে তা সত্ত্বেও কীভাবে তৃণমূল কর্মীরা জয়ামেত করে। পাশাপাশি দুর্গাপুর থানার ওসি ও ডিসিকে তৃণমূলের দালাল বলে দাবি করে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়ে ট্রান্সফারেরও হুঁশিয়ারিও দেন।

অন্যদিকে এদিন বিজেপি প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার ঠিক আগেই মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন দাখিল করেন দুর্গাপুর পূর্ব, পশ্চিম ও রানিগঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ মজুমদার,কবি দত্ত এবং কালো বরণ মণ্ডল। “জিতবে বাংলা জিতবে দুর্গাপুর” এই বার্তাকে সামনে রেখে এদিন তৃণমূল প্রার্থীরা মনোনয়ন জমা দেন।


















