সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- বৃহস্পতিবার আসানসোলের দুই হেভিওয়েট তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী মলয় ঘটক ও তার ভাই আসানসোল পুরসভার ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক মনোনয়ন জমা দিলেন।
এদিন বেলা বারোটা বেজে কুড়ি মিনিটের আগেই আসানসোলে মহকুমাশাসক (সদর) অফিসে মনোনয়ন পত্র জমা দেন রাজ্যের বিদায়ী মন্ত্রী আসানসোল উত্তর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী মলয় ঘটক। তার সঙ্গে ছিলেন আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক সহ অন্যান্যরা। এরপরই এক রোড শোয়ে মন্ত্রী তথা তৃণমূল প্রার্থীর সঙ্গে অংশ নেন বাংলার সুপারস্টার দেব।
এদিনে বেলা সোয়া বারোটা নাগাদ আসানসোলের এসবি গড়াই রোডে রামসায়ের ময়দানে অস্থায়ী হেলিপ্যাডে নামে দেবের হেলিকপ্টার। সেখানে তাকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান মলয় ঘটক। এরপর দেব মলয় ঘটকের সঙ্গে হুড খোলা গাড়িতে করে রামসায়ের ময়দান থেকে রোড শোয়ে অংশ নেন। দেবকে দেখতে ভিড় ছিলো চোখে পড়ার মতো। আসানসোল গ্রাম ঘুরে দেবের রোড শো এসবি গড়াই রোড হয়ে আসানসোল আদালত সংলগ্ন ঘড়ি মোড়ে শেষ হয়।
অন্যদিকে এদিন সকাল এগারোটা নাগাদ কুলটির বরাকর থেকে এক বর্ণাঢ্য মিছিল করে হুডখোলা গাড়িতে মনোনয়ন জমা করার উদ্দেশ্য রওনা দেন কুলটি বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিজিৎ ঘটক। তার রোড শোয়ে কুলটি এলাকার দলের কর্মী ও সমর্থকদের সঙ্গে উপস্থিত ছিলেন কুলটি বিধানসভার তৃণমূলের নেতারা। তবে তাদের মধ্যে উল্লেখযোগ্য ভাবে উপস্থিত ছিলেন কুলটির প্রাক্তন বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়। হুডখোলা গাড়িতে প্রার্থীর সঙ্গে পাশেই দেখা যায় উজ্জ্বলবাবুকে। তাকে সঙ্গে নিয়েই জেলাশাসক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন প্রার্থী।


















