নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- তৃণমূলের দেওয়াল লিখনে কাদা লাগানো ও তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদারের পোস্টারের রং লাগানোর অভিযোগে ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরের এক নম্বর ওয়ার্ডের রঘুনাথপুর এলাকায়।
স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ রাতের অন্ধকারে কাপুরুষের মতো বিরোধী দলের দুষ্কৃতীরা তৃণমূলের দেওয়াল লিখন মুছে দিচ্ছে। তবে এইসব করে কোন লাভ নেই,কারণ মানুষ মা মাটি মানুষের পাশেই রয়েছে। তৃণমূল নেতা রাজীব ঘোষ বলেন,” তারা দখছে যে মানুষ তাদের সাথে নেই। হতাশ হয়ে এইসব কাজ করছে। এগুলো পশ্চিমবঙ্গের কালচার নয়। বিশেষ করে দুর্গাপুর শান্তিপ্রিয় জায়গা। এখানে সব দল গণতান্ত্রিকভাবে প্রচার করবে। তারপর মানুষ বিবেচনা করে ভোট দেবে। এই ধরণের নোংরামো যারা করছে, তারা লড়াইয়ের আগে হেরে গেছে। আর সেই হতাশা থেকেই এইসব করছে।” পাশাপাশি তিনি বিরোধীদের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, “সর্তকতা জারি করছি সাবধানে থাকুন। কারণ ৪ তারিখের পর তো ওনাদের খুঁজে পাওয়া যাবে না।”
অন্যদিকে তাদের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করে দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “দেওয়াল দখল পোস্টার ছেঁড়ের মতো নিম্ন মানের কাজের সঙ্গে বিজেপির কার্যকর্তরা কখনও যুক্ত হতে পারে না। কারণ ভারতীয় জনতা পার্টি দেওয়াল দখল নয় মানুষের মন দখলে বিশ্বাসী। এই ধরণের ঘৃণ্য কাজের সঙ্গে একমাত্র তৃণমূলই যুক্ত থাকতে পারে। এটা পুরোটাই তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব।” পাল্টা বিজেপির ফ্লেক্স ব্যানার ছেঁড়ের অভিযোগ তুলে তিনি বলেন,”আড়াতে বিজেপির প্রায় ১২টি রাজনৈতিক প্রচারের পোস্টার ফ্লেক্স ছিড়ে দেওয়া হয়েছে। যারা এই নোংরা আর হিংসার রাজনীতি করে বাংলাকে পিছিয়ে দিচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের পরিবর্তনের লড়াই।”
সব মিলিয়ে দেওয়াল লিখন নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগ আর রাজনৈতিক তরজা ঘিরে সরগরম হয়ে উঠেছে দুর্গাপুর পূর্ব বিধানসভার ভোটের লড়াই।


















