সংবাদদাতা,বাঁকুড়াঃ- ভোটের আগে শাসক বিরোধী সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে উঠল বাঁকুড়ার ইন্দাস বিধানসভার মঙ্গলপুর পঞ্চায়েতের বিহার গ্রাম। শুধু তাই নয়, এই সংঘর্ষের জেরে একশিশুও জখম হয়েছে। আর দুপক্ষই এই সংঘর্ষের জন্য একে অপরের উপর দায় চাপিয়েছে।
তৃণমূলের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর সামনেই বিজেপি প্রার্থী নির্মল ধারার উপস্থিতিতে বিজেপি কর্মীরা তৃণমূল সমর্থকদের উপর হামলা চালায়। শুধু তাই নয়, এক শিশু কন্যাকেও মারধর করা হয়েছে বলে দাবি তৃণমূলের। আহত ওই শিশুকে মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থায় নিয়ে র্যালি করে ইন্দাস থানায় যান ইন্দাসের তৃণমূল প্রার্থী ও ব্লক সভাপতি শেখ হামিদ। সেখানে গিয়ে বিজেপি প্রার্থী নির্মল ধারার অবিলম্বে গ্রেপ্তারের দাবি তোলেন তিনি।
অন্যদিকে, বিজেপির তরফে সম্পূর্ণ ভিন্ন ছবি তুলে ধরা হয়েছে। একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, এক বিজেপি কর্মী গুরুতর আহত অবস্থায় মাটিতে শুয়ে রয়েছেন এবং তাকে জল দেওয়া হচ্ছে। ওই আহত কর্মীকে পাশে রেখে বিজেপি প্রার্থী নির্মল ধারা দাবি করেন, তৃণমূলের ছোড়া পাথরেই শিশুটি আহত হয়েছে। পাশাপাশি, বিজেপি কর্মীদের উপরও তৃণমূলই হামলা চালিয়েছে বলে অভিযোগ তোলেন তিনি।
অন্যদিকে এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হওয়ায় এলাকায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।




















