নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- আগামী ২৩ এপ্রিল প্রথম দফায় পশ্চিম বর্ধমান জেলায় অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। হাতে সময় বেশি নেই। তাই নাওয়া খাওয়া ছেড়ে প্রচারে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। দিনের শুরু থেকে রাত পর্যন্ত প্রচারেই কেটে যাচ্ছে প্রার্থীদের। এই পরিস্থিতিতে প্রচারের মাঝেই নিজের জন্মদিন পালন করলেন দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী কবি দত্ত। এই ব্যস্ততম সময়ের মাঝেই ৭ এপ্রিল, ৬১ বছরে পা দিলেন তিনি।
এদিন দুর্গাপুরের ১২ নম্বর ওয়ার্ডের আমরাই গ্রামে পদযাত্রা মাধ্যমে প্রচার করে দিন শুরু করেন কবিবাবু। সেখানে পদযাত্রার শুরুতেই কেক নিয়ে কর্মী-সমর্থকরা হাজির হন এবং তাদের প্রিয় বাপ্পাদাকে জন্মদিনের উষ্ণ অভ্যর্থনা জানায়। কর্মী-সমর্থকদের শুভেচ্ছা ও ভালোবাসায় আপ্লুত হয়ে ওঠেন প্রার্থী। হাসিমুখে সকলের সঙ্গে কেক কেটে নিজের জন্মদিন উদযাপন করেন তিনি।
কর্মী-সমর্থকদের ভালোবাসায় আপ্লুত কবিবাবু এদিন জানান, মানুষের এই অকুণ্ঠ ভালোবাসা, আস্থা ও আশীর্বাদকে পাথেয় করেই আগামী দিনে তিনি এগিয়ে নিয়ে যেতে চান।


















