নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- আসআইআর অর্থাৎ ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধনে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে বাদ পড়েছে ৯০ লক্ষ ৮৩ হাজার ৩৪৫ ভোটারের নাম। তার মধ্যে বিচারাধীন প্রায় ৬০ লক্ষ ভোটার। তবে এই বিচারাধীন ভোটাররা ভোটার লিস্টে নাম তোলার জন্য ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন।
তাই ভোটের মুখে ভোটার তালিকায় নাম তুলতে ফের লম্বা লাইন মানুষের। রাজ্যে বিধানসভা নির্বাচনের মুখে ফের এমনই দৃশ্য ধড়া পড়ল রাজ্য জুড়ে। বাদ পড়েনি দুর্গাপুর শিল্পাঞ্চলও। দুর্গাপুরের ভগৎ সিং স্টেডিয়ামে ট্রাইব্যুনালে আবেদন জানাতে তীব্র রোদ মাথায় নিয়ে ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বহু মানুষকে। অনেকেই অভিযোগ করেন, নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও দ্রুত সমাধান মিলছে না। ফলে চরম হয়রানির শিকার হচ্ছেন আবেদনকারীরা। পরিস্থিতি সামাল দিতে স্টেডিয়াম চত্বরে মোতায়েন করা হয়েছে রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীকেও। নিরাপত্তা জোরদার করা হলেও ভিড় নিয়ন্ত্রণ ও পরিষেবা প্রদানে নানা সমস্যার অভিযোগ উঠছে। সাধারণ মানুষের মধ্যে ক্ষোভেরও সৃষ্টি হচ্ছে।
প্রসঙ্গত, শীর্ষ আদালতের নির্দেশে নির্বাচন কমিশন ১৯টি আপিল ট্রাইব্যুনাল গঠন করেছে। সেখানে ভোটাররা তাদের নাম বাদ যাওয়ার বিরুদ্ধে আপিল বা আপত্তি জানাতে পারেন। এই আপিল ট্রাইব্যুনালগুলির নেতৃত্বে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারকরা।
এদিকে নির্বাচন কমিশন সোমবার রাজ্যের ১৫২টি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা ‘ফ্রিজ’ করে দিয়েছে। অর্থাৎ ওই ভোটার তালিকায় নতুন কোনো ভোটারদের নাম এই আসন্ন নির্বাচনের আগে যোগ হওয়ার সম্ভাবনা নেই। আইন অনুযায়ী, কোনো আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পেরিয়ে গেলে, ওই কেন্দ্রে নির্বাচন শেষ হওয়া পর্যন্ত নতুন কোনো নাম ভোটার তালিকায় যোগ করা যায় না। পশ্চিমবঙ্গে ১৫২টি কেন্দ্রে এই সময়সীমা সোমবারই পেরিয়ে গেছে। বাকি কেন্দ্রগুলিতে মনোনয়নপত্র জমা দেওয়া এবং ভোটার লিস্ট ‘ফ্রিজ’ করার শেষ দিন ৯ এপ্রিল।
ফলে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ও দেশের নির্বাচনী আইন অনুযায়ী, বাদ যাওয়া ভোটারদের আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোটপ্রয়োগ করার সম্ভাবনা যথেষ্ঠ কম।

















