নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- সোমবার সকালে অন্ডাল মোড়ে জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক সবজি বিক্রেতার। দুর্ঘটনায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন।
জানা গেছে এদিন সকালে দুর্গাপুর পাইকারি সবজি বাজার সেন মার্কেট থেকে সবজি কিনে একটি পিকআপ ভ্যানে করে অন্ডালে ফিরছিলেন বেশ কয়েকজন সবজি বিক্রেতা। সেই সময় অন্ডাল মোড়ের কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় পিকআপ ভ্যানটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক সবজি বিক্রেতার। গাড়িতে থাকা অন্যান্যরাও আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে অন্ডাল থানা এবং ট্রাফিক বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পাশাপাশি দুর্ঘটনার জেরে ব্যাহত যান চলাচল স্বাভাবিক করে।
প্রত্যক্ষদর্শীদের দাবি ভ্যানটি গতি বেশী থাকায় তা নিয়ন্ত্রণ হারায় এবং উল্টে যায়। যদিও তীব্র গতি নাকি যান্ত্রিক ত্রুটি কি কারণে দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।


















