সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- মঙ্গলবার আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বার্নপুর রোডের বিজেপি কার্যালয় থেকে সাংবাদিক সম্মেলনে তাঁর নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন। ইশতেহারের মূল বার্তা ” শুধু প্রতিশ্রুতি নয়, প্রকৃত পরিবর্তনের প্রয়োজনীয়তা “।
ইশতেহারে বিশেষ করে জরাজীর্ণ রাস্তা, নর্দমার সমস্যা, পানীয় জলের সমস্যা , উন্নত চিকিৎসা ব্যবস্থা, বেকারত্ব এবং জনপ্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগের মতো বিষয়গুলোর ওপর আলোকপাত করা হয়েছে। এছাড়াও আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের সমস্যা ও সাধারণ মানুষের অসুবিধার কথা বলা হয়েছে। রয়েছে যানজট মুক্ত শহর, আসানসোলের বস্তিন বাজারের দুর্গা মন্দিরে নিত্য পুজোর ব্যবস্থা করা,এলাকায় মাদক ব্যবসা দমন এবং অবৈধ বালি উত্তোলন বন্ধ করার প্রতিশ্রুতিও।
এদিন নির্বাচনী ইশতেহারের পাশাপাশি ভোট প্রচারের জন্য গান, একটি হেল্পলাইন নম্বর ও ‘কৃষ্ণেন্দু কানেক্ট’ নামে একটি ওয়েবসাইটও প্রকাশ করা হয়। আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের বাসিন্দারা এই নম্বরগুলিতে যোগাযোগ করে তাদের সমস্যার কথা জানাতে পারবেন।
এদিনের বৈঠকে প্রার্থী বলেন, “বামফ্রন্টের ৩৫ বছরের শাসন এবং তৃণমূল কংগ্রেসের ১৫ বছরের শাসনকালে বাংলার দুর্দশা দেখে জনগণের উচিত বিজেপিকে কাজ করার সুযোগ দেওয়া।” একইসাথে, সাংবাদিক বৈঠকে তিনি এসআইআর এবং শান্তিপূর্ণ ভোটদান সংক্রান্ত একাধিক প্রশ্নের উত্তরও দেন।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন, বিজেপির আসানসোল সাংগঠনিক জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য, রাজ্য কমিটির সদস্য দিলীপ দে, প্রাক্তন কাউন্সিলর ভৃগু ঠাকুর, মদন মোহন চৌবে, শম্পা রায়, সুদীপ চৌধুরী সহ অন্যান্যরা।


















