সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- ভোটের আগে শেষ রবিবাসরীয় প্রচারে ঝড় তুললেন প্রাক্তন ক্রিকেটার তথা বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান । এদিন আসানসোলের কুলটি বিধানসভার তৃণমূল প্রার্থী অভিজিৎ ঘটক ও আসানসোল দক্ষিণ বিধানসভার তৃণমূল প্রার্থী তাপস বন্দোপাধ্যায়ের সমর্থনে রোড শো করেন তিনি।
এদিনের ৪০ ডিগ্রি তাপমাত্রার তীব্র গরমকে উপেক্ষা করে কুলটিতে হাসানপুর থেকে কুলটি স্টেশন পর্যন্ত বর্ণাঢ্য রোড শো-তে উপচে পড়ে জনসমুদ্র। রাস্তাজুড়ে নামে মানুষের ঢল। ইউসুফ পাঠানকে একঝলক দেখার জন্য মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। প্রাক্তন ক্রিকেটারের সঙ্গে সেলফি তুলতে ও অটোগ্রাফ নিতে হুড়োহুড়ি পড়ে যায় ক্রিকেট প্রেমীদের মধ্যে।
এদিন রোডশো থেকে ইউসুফ সাধারণ মানুষের কাছে আহ্বান জানান, আবারও তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রাখার এবং অভিজিৎ ঘটককে বিপুল ভোটে জয়ী করার।
কুলটির পাশাপাশি এদিন তিনি আসানসোল দক্ষিণের প্রার্থী তাপস বন্দোপাধ্যায়ের সমর্থনে বার্নপুরে রহমত নগরে একটি রোডশো করেন। হুড খোলা গাড়িতে ইউসুফ পাঠানের সঙ্গে প্রার্থী ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক সোহরাব আলি সহ তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা। এখানেও প্রাক্তন ক্রিকেটারকে একঝলক দেখতে মানুষের ঢল নামে।
রোড শো থেকে ইউসুফ তাপস বন্দোপাধ্যায়কে ভোট দিয়ে জেতানোর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থ বারের জন্য মুখ্যমন্ত্রী পদে বসানোর আহ্বান জানান।



















