এই বাংলায় ওয়েব ডেস্কঃ- আজ রাজ্যের ১৬টি জেলার মোট ১৫২টি বিধানসভা কেন্দ্রে প্রথম দফা ভোটগ্রহণ। প্রথম দফায় রাজ্যের প্রায় ৩ কোটি ৬০ লক্ষেরও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সকাল ৭টা থেকেই শুরু হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া। যাতে নির্বিঘ্নে ভোটদান সম্পন্ন করা যায় তার জন্যে প্রশাসনের তরফে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। গোটা ভোটগ্রহণ পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রায় ২ হাজার ৪০০-র বেশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সঙ্গে রয়েছে প্রায় ৪১ হাজার রাজ্য পুলিশকর্মী।
অন্যদিকে ভোটের দিন প্রার্থীদের জন্যও নির্দিষ্ট নির্দেশিকা জারি করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নিজের কেন্দ্রের মধ্যেই থাকতে হবে প্রার্থীদের।
এছাড়াও, নিরাপত্তার স্বার্থে মোটরবাইক ব্যবহারে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে বাইকে একাধিক আরোহী নিষিদ্ধ করা হয়েছে। তবে জরুরি পরিষেবা, কর্মসূত্রে যাতায়াত বা অ্যাপ-ভিত্তিক পরিষেবার ক্ষেত্রে কিছু ছাড় রাখা হয়েছে। প্রয়োজনে স্থানীয় থানার অনুমতি নিয়েও বাইক ব্যবহার করা যাবে।
প্রথম পর্বের ভোটে নজরে রয়েছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম কেন্দ্রটি। যেখানে শুভেন্দু অধিকারী ও তৃণমূল প্রার্থী পবিত্র কর প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি মুর্শিদাবাদের বহরমপুরেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। এই আসনে কংগ্রেসের হয়ে লড়ছেন অধীর রঞ্জন চৌধুরী, বিজেপির হয়ে লড়ছেন বিদায়ী বিধায়ক সুব্রত মৈত্র এবং এখানে তৃণমূল প্রার্থী করছে বহরমপুরের পুরপ্রধান নাড়ুগোপাল মুখোপাধ্যায়কে। অন্যদিকে আবার নতুন দল গড়ে ভোটে লড়ছেন হুমায়ুন কবীর, তার ভাগ্যও নির্ধারিত হবে এদিন।









