সন্তোষ কুমার মণ্ডল, দুর্গাপুর:– উপ-স্বাস্থ্য কেন্দ্রে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল দুর্গাপুর মহকুমার দুর্গাপুর ফরিদপুর ব্লকের জেমুয়া এলাকায়। ক্ষুব্ধ এলাকাবাসীরা উপ-স্বাস্থ্য কেন্দ্র ঘেরাও করে বিক্ষোভ দেখান। নিউ টাউনশিপ থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে শুক্রবার জেমুয়া উপ-স্বাস্থ্য কেন্দ্রে রক্তচাপজনিত সমস্যা নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিলেন অসিলা বিবি নামে এক মহিলা। পরিবারের দাবি, চিকিৎসক তাকে কয়েক মাস ওষুধ খাওয়ার পরামর্শ দেন। সেই মতো স্বাস্থ্য কর্মীরা সরকারি ওষুধ দেন। বাড়ি ফিরে তিনি সেই ওষুধ খাওয়ার পর তার স্বামী শেখ ইব্রাহিম ওষুধের গায়ে থাকা মেয়াদ পরীক্ষা করে দেখেন যে ওষুধটির মেয়াদ এক মাস আগেই শেষ হয়ে গেছে।
বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। শনিবার সকালে রোগীর পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা স্বাস্থ্যকেন্দ্রে বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভের জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মহিলার স্বামী শেখ ইব্রাহিম এদিন বলেন, “আমরা যখন দেখি ওষুধটির মেয়াদ শেষ হয়ে গেছে, তখন থেকেই আমার স্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বেড়ে যায়। তাকে আরও এক মাস এই ওষুধ খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। বিষয়টি ধরা না পড়লে বড় ধরনের ক্ষতি হতে পারতো।”
জেলা স্বাস্থ্য দপ্তরে বিষয়টি জানানো হলে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়।



















