সন্তোষ কুমার মণ্ডল, দুর্গাপুর:- বাড়িতে চলছিল বিয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি। শুরু হয়েছিলো আত্মীয়-স্বজনদের আনাগোনা। এরই মধ্যে প্রেমিকের সাথে তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার হল। মর্মান্তিক ঘটনাটি ঘেটেছে দুর্গাপুর মহকুমার দুর্গাপুর-ফরিদপুর ব্লকের জামগড়া এলাকায়। মৃতরা হল বিউটি বাগদি(১৯) ও তার প্রেমিক সুকুমার বাগদি(২৩)।
স্থানীয় সূত্রে জানা গেছে, জামগড়ার বাসিন্দা বিউটি বাগদির সঙ্গে অন্ডালের দক্ষিণখণ্ড এলাকার বাসিন্দা বিবাহিত সুকুমার বাগদির প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কের কথা পরিবারের লোকও জানতো। তবে সুকুমার বিবাহিত হওয়ায় বিউটির পরিবার তার অন্যত্র বিয়ে ঠিক করে। আগামীকাল রবিবার ছিল বিয়ের দিন। কিন্তু তার আগেই শনিবার জামগড়া এলাকায় একটি গাছ থেকে যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
এদিন ভোরে এলাকাবাসীরাই দুজনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তারাই থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ পৌঁছয় ও দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠিয়ে দেয়।
বিউটির আত্মীয় বিধান বাগদি বলেন, দীর্ঘদিন ধরে দুজনে সম্পর্কে ছিল । কিন্তু সুকুমার বিবাহিত হওয়ায় বিউটির বিয়ে অন্যত্র ঠিক হয়েছিল। সম্পর্কের টানাপোড়েনের জেরেই দুজনে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক অনুমান পুলিশের।



















