নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- ভোটকে ঘিরে তৃণমূল ও বিজেপির কর্মী ও সমর্থকদে মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়াল দুর্গাপুর পূর্ব বিধানসভার বিধাননগরের ভ্যাম্বে কলোনিতে। বিজেপির অভিযোগ তাদের মহিলা কর্মীদের দেখে নেওয়ার হুমকি দেওয়া হয় । ঘটনার প্রতিবাদে ধর্ণায় বসেন বিজেপি প্রার্থী।
জানা গেছে এদিন দুপুরের পরে ভ্যাম্বে কলোনির ১০৪ নম্বর বুথ পরিদর্শনে যান বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। অভিযোগ সেই সময় তৃণমূলের কর্মীরা হঠাৎ করেই বিজেপি কর্মী-সমর্থকদের লক্ষ্য করে “জয় বাংলা” স্লোগান দিতে শুরু করে। এই নিয়ে দুপক্ষের মধ্যে বচসা হাতাহাতি ক্রমে সংঘর্ষে রূপ নেয়। বিজেপির দাবি শুধু স্লোগান নয় তাদের লক্ষ্য করে মদের বোতলও ছোড়া হয়। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ। তাদের তৎপরতায় শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রতিবাদে কর্মী সমর্থকদের নিয়ে ধর্নায় বসেন চন্দ্রশেখরবাবু।
অন্যদিকে ভোটগ্রহণ চলাকালীন বিজেপি নেতাদের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগে উঠেছে। ঘটনা দুর্গাপুর পৌর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ডের ৬১ ও ৬২ নম্বর বুথের। অভিযোগ , বিজেপি প্রার্থী লক্ষ্মণ ঘোড়ুই এবং ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার নেতা ভোলা সাও ওই দুই বুথের লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের বিজেপিকে ভোট দেওয়ার জন্য আবেদন করছিলেন। সর্বভারতীয় ট্রেডমিল কংগ্রেসের পোলিং এজেন্টরা প্রতিবাদ জানালেও তাদের দাবি উপেক্ষা করা হয়। পরে খবর পেয়ে দুর্গাপুর পৌর কর্পোরেশনের ভাইস চেয়ারপার্সন ধর্মেন্দ্র যাদব এবং দুর্গাপুর ব্লক নং ২-এর তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান লালবাবু প্রসাদ তাদের সমর্থকদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ শুরু করেন। প্রবল প্রতিবাদের মুখে পড়ে লক্ষ্মণ ঘরুই এবং ভোলা সাও পিছু হটতে বাধ্য হন ও পরিস্থিতি স্বাভাবিক হয়।


















