নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরে ডাম্পারের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল এক মহিলা পথচারীর। দুর্ঘটনাটি ঘটেছে কাঁকসায় পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কে। মৃত মহিলার নাম প্রতিমা দে সরকার। তিনি কাঁকসা তিন নম্বর কলোনির বাসিন্দা ছিলেন।
প্রত্য়ক্ষদর্শীরা জানান একটি ডাম্পার প্রচন্ড গতিতে পানাগড়ের দিক থেকে ইলামবাজারের দিকে যাচ্ছিল। তখনই হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ওই মহিলাকে ধাক্কা মেরে চম্পট দেয় ডাম্পারটি। অন্যদিকে উল্টো দিক থেকে আসা একটি মাল বোঝাই ট্রাক্টর ওই মহিলাকে বাঁচাতে গিয়ে উল্টে যায়। যদিও ডাম্পারের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার।
অন্যদিকে এই দুর্ঘটনার জেরে মুহূর্তের মধ্যে অবরুদ্ধ হয়ে পড়ে রাজ্য সড়ক। আটকে পড়ে বহুমালবাহী গাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ। মহিলার দেহ উদ্ধার করে, ট্রাক্টরটিকে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
ঘাতক ডাম্পারটির খোঁজে তল্লাশি জারি রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


















