নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড। ডিভিসি মোড় সংলগ্ন নজরুল পল্লীতে মজুদ প্লাস্টিকের বস্তায় আগুন লেগে আতঙ্ক ছড়াল। জানা গেছে ওই এলাকায় মজুদ ছিল বহু প্লাস্টিকের বস্তা। তবে এই অগ্নিকাণ্ডের জেরে কোন হতাহতের খবর নেই।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকাটি পুরনো প্লাস্টিকের বস্তা মজুদ করার জন্য গোডাউনের মতো ব্যবহার করা হতো। রবিবার বেলা ১১টা নাগাদ হঠাৎ আগুন লাগে এলাকায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। খবর দেওয়া হয় দুর্গাপুরের দমকল বিভাগকে। প্রথমে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। কিন্তু আগুন এতটাই ভয়াবহ আকার ধারণ করে তা নিয়ন্ত্রণে আসছিল না। পরে আরও দুটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। এরপর দমকলকর্মীরা প্রায় ঘন্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তবে কীভাবে আগুন তা জানা জানা যায়নি। দমকলের এক আধিকারিক রিপন বড়ুয়া জানান আগুনের কারন খতিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে প্লাস্টিকের মতো দাহ্যপদার্থ এভাবে মজুদ করার কোন অনুমতি ছিল কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে।


















