সঙ্গীতা চৌধুরীঃ- আগামীকাল ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার নৃসিংহ চতুর্দশী। এইদিন গোধূলি লগ্নে নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন পাপের বিনাশ করতে হিরণ্যকশিপুকে বধ করে তার ভক্ত প্রহ্লাদ মহারাজকে রক্ষা করতে। তাই এই দিন সকলে সন্ধ্যা অবধি নির্জলা ব্রত রাখে এবং সন্ধ্যার পর নৃসিংহ দেবের আরতি করে তারপর প্রসাদ মুখে দিয়ে ব্রত ভঙ্গ করে এবং তারপর অনুকল্প প্রসাদ গ্রহণ করে।
সারাদিন নির্জলা উপবাস রাখাই এই ব্রতের ক্ষেত্রে শ্রেষ্ঠ, কিন্তু যদি কেউ অসমর্থ হন, তখন ফল-মূল ও দুধ গ্রহণ করতে পারেন।
গোধূলি লগ্নে ভগবানের আরতি করবেন, ভগবানের নরসিংহ রূপের মূর্তি বা ছবির সামনে দীপ ও ধূপ জ্বেলে ষোড়শোপচারে পূজা, আরতি ও অভিষেক করবেন। আম, পনকম, দুধ ও ফল দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করবেন।
এইদিন অতি অবশ্যই নৃসিংহ কবচ, নৃসিংহ অষ্টক, বা নৃসিংহদেবের ১০৮ নাম জপ করুন ও পরদিন সকালে, অর্থাৎ চতুর্দশী তিথি ভঙ্গ হলে মহাপ্রসাদ মুখে দিয়ে ব্রত ভঙ্গ করুন। এইদিন পূজা শেষে ব্রাহ্মণ বা বৈষ্ণবদের যথাসাধ্য দান করার চেষ্টা করবেন। এই ব্রত পালন করলে ভক্তদের সকল প্রকার বিপদ থেকে ভগবান রক্ষা করেন।



















