নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচন শেষ হলেও কমেনি রাজনৈতিক উত্তাপ। স্ট্রংরুমে বিজেপি কারচুপির চেষ্টা করছে, মুখ্যমন্ত্রীর এমন অভিযোগ ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। এরই মধ্যে দুর্গাপুরেও গণনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কাউন্টিং অফিসারের পরিচয় ও ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছেন দুর্গাপুরের পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ ঘোড়ুই।
প্রসঙ্গত দুর্গাপুর নগর নিগমের কর্মী বাবলু বিশি নির্বাচন কমিশনের কাউন্টিং অফিসারের দায়িত্ব পেয়েছেন। অভিযোগ তিনি নাকি দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী কবি দত্তের ঘনিষ্ঠ এমনকি সোস্যাল মিডিয়ায় কবি দত্তের হয়ে প্রচারও করেছেন।
বিষয়টি সামনে আসতেই সরব হয়ে তাকে ওই পদ থেকে সরানোর দাবি করেছেন বিজেপি প্রার্থী লক্ষণ ঘোড়ুই। তিনি দাবি করেন ,”কাউন্টিং অফিসারের দায়িত্ব পাওয়া বাবলু বিশি আসলে একজন তৃণমূলের ক্যাডার। তাকে দলের কর্মসূচিতে দেখা যায়। তিনি আবার দুর্গাপুর পশ্চিমে তৃণমূল প্রার্থী কবি দত্তের হয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। লিখছেন উনি ভালো লোক। তিনিই কাউন্টিং অফিসারের প্রশিক্ষণ নিয়েছেন। এমন ব্যক্তি গণনার দায়িত্বে থাকলে নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়তে পারে। এই ব্যক্তি কাউন্টিং প্রভাবিত করার চেষ্টা করবেন। আমি তাকে ওই দায়িত্ব থেকে সরানোর জন্য নির্বাচন কমিশনকে মেইল মারফত চিঠি করেছি। তা না হলে আমরা রাস্তায় নামতে বাধ্য হব।”
অন্যদিকে বিজেপি প্রার্থীর আনা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন,”তৃণমূলের কেউ সমর্থক হতেই পারেন। কিন্তু উনি দলের ঝান্ডা নিয়ে ঘুরছেন বা স্লোগান দিচ্ছেন এই ছবি কি দেখাতে পারবেন? এইসব ভুলভাল অভিযোগ করে লাভ নেই। বিজেপি প্রার্থী কি বলছেন না বলছেন দেখে লাভ নেই। আমরাই তো নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছি। “
এদিকে বিজেপি প্রার্থীর কাছ থেকে অভিযোগ পেয়ে দুর্গাপুর পশ্চিমের রিটার্নিং অফিসার দুর্গাপুর নগর নিগমের কমিশনারের কাছে অভিযোগের বিষয়টি জানিয়েছেন। এখন নির্বাচন কমিশন বিষয়টি কি পদক্ষেপ করে সেটাই দেখার।


















