eaibanglai
Homeএই বাংলায়উচ্ছেদের আতঙ্ক মেমারিতে, সরব তৃণমূল প্রার্থী

উচ্ছেদের আতঙ্ক মেমারিতে, সরব তৃণমূল প্রার্থী

আনোয়ার আলি আনসারী, মেমারি -:বিধানসভা নির্বাচন মিটতেই ফের উচ্ছেদের কালো মেঘ মেমারি রেলস্টেশন চত্বরে। পূর্ব রেলের হাওড়া ডিভিশন থেকে উচ্ছেদের নোটিশ ঝোলানোকে কেন্দ্র করে শুক্রবার ব্যাপক উত্তেজনা ছড়ালো এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

​গত কয়েক বছরে এই নিয়ে তিন থেকে চারবার উচ্ছেদের নোটিশ পড়ল মেমারি স্টেশন এলাকায়। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, লোকসভা ভোটের আগে একবার নোটিশ দেওয়া হলেও প্রতিবাদের মুখে তা সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। কিন্তু এবার ভোট মেটার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে রেলের জায়গায় বসবাসকারী এবং ব্যবসায়ীদের ঘর খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার সকালেই মেমারি রেলস্টেশন এলাকায় পৌঁছান তৃণমূল কংগ্রেস প্রার্থী রাসবিহারী হালদার। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন এবং স্টেশন মাস্টার পিনাকী শঙ্কর করের সঙ্গে দেখা করে পরিস্থিতি খতিয়ে দেখেন।

​ক্ষুব্ধ ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে রাসবিহারী হালদার সরাসরি তোপ দাগেন কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ​”মেমারিবাসীর দীর্ঘদিনের দাবি একটি রেল ওভারব্রিজ। রেল সেদিকে কোনো ভ্রুক্ষেপ না করে যারা ৪০-৫০ বছর ধরে এখানে ব্যবসা করে পেট চালাচ্ছেন তাদের উচ্ছেদের নোটিশ দিচ্ছে। ভোটের ঠিক পরেই এই পদক্ষেপ প্রমাণ করে যে এটি বিজেপির একটি পরিকল্পিত চক্রান্ত।” তিনি আরও স্পষ্ট করে দেন যে, তৃণমূল কংগ্রেস আইনানুগভাবে এই ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে থাকবে। হুট করে এই উচ্ছেদ কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

বারবার উচ্ছেদের নোটিশ এবং তা স্থগিত হওয়ার এই খেলায় চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন কয়েকশ ব্যবসায়ী। রেল কর্তৃপক্ষের এই পদক্ষেপের বিরুদ্ধে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ইঙ্গিত দিয়েছেন স্থানীয় নেতৃত্ব।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments