সংবাদদাতা,বাঁকুড়াঃ- গত কয়েক দিন ধরেই দক্ষিণবঙ্গের জেলা গুলিতে চলছে কালবৈশাখির দাপট। আর কালবৈশাখীর দাপটে গাছপালা বিদ্যুতের খুঁটি ভেঙে ,তার ছিড়ে দেখা দিয়েছে বিপর্যয়। এই পরিস্থিতি বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হচ্ছে। বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের জামগাড়ী, বাঁকদহ-সহ একাধিক গ্রামেও দেখা দিয়েছে বিদ্যুৎ বিপর্যয়। বৃহস্পতিবারের কালবৈশাখীর দাপটের পর থেকে টানা দুদিন ধরে বন্ধ এলাকার বিদ্যুৎ পরিষেবা। চরম ভোগান্তির শিকার হয়ে এক অভিনব উপায়ে প্রতিবাদের সরব হলেন এলাকার বাসিন্দারা।
এই পরিস্থিতির প্রতিবাদে শুক্রবার নন্দনপুর সাব-স্টেশনে বিক্ষোভে সামিল হন গ্রামবাসীরা। তবে বিক্ষোভের ধরন ছিল অভিনব। কর্মরত বিদ্যুৎ বিভাগের কর্মচারীদের হাতে প্রতিবাদ স্বরূপ তুলে দেওয়া হয় মিষ্টির প্যাকেট ও গোলাপ ফুল। গ্রামবাসীদের অভিযোগ, গত দুই দিনে বিকেলের দিকে ঝড়-বৃষ্টি হলেও বিদ্যুৎ পরিকাঠামোর তেমন কোনো বড় ক্ষতি হয়নি। তবুও পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ থাকায় নিত্যদিনের কাজকর্মে ব্যাপক সমস্যার সৃষ্টি হয়েছে।
অন্যদিকে অভিনব এই প্রতিবাদ নিয়ে গ্রামবাসীরা জানান, ৪৮ ঘণ্টা ধরে এলাকায় বিদ্যুৎ না থাকায় কার্যত কোনো বিদ্যুৎ খরচই হয়নি। সেই কারণে যে সঞ্চয় হয়েছে তার জন্য বিদ্যুৎ কর্মীদের ধন্যবাদ জানিয়ে তাদের হাতে মিষ্টি ও ফুল তুলে দেওয়া হয়েছে। অন্যদিকে অভিনব এই প্রতিবাদে কিছুটা অস্বস্তিতেই পড়েন বিদ্যুৎ কর্মীরা।
বিক্ষোভের খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় মেজিয়া থানার পুলিশ। পুলিশের উপস্থিতিতে বিদ্যুৎ দফতর, প্রশাসন ও গ্রামবাসীদের মধ্যে ত্রিপাক্ষিক আলোচনা হয় ও গ্রামবাসীরা আশ্বস্ত হন।


















