eaibanglai
Homeএই বাংলায়কোথাও গণনা কেন্দ্র থেকে তৃণমূল কর্মীদের বের করে দেওয়া তো কোথায় তৃণমূল...

কোথাও গণনা কেন্দ্র থেকে তৃণমূল কর্মীদের বের করে দেওয়া তো কোথায় তৃণমূল পার্টি অফিস দখল, বিক্ষিপ্ত অশান্তির ছবি জেলায় জেলায়

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর,আসানসোল,বাঁকুড়াঃ- গণনার আর্ধেক দিন পেরিয়ে রাজ্যে যে ছবিটা সামনে আসছে তা হল গেরুয়া ঝড়। দুপুর গরিয়ে বিকেল পৌঁছতে এখনও পর্যন্ত ২০০টি আসেন এগিয়ে বিজেপি। তৃণমূল এগিয়ে একশোর কম আসনে।

এদিকে এই প্রেক্ষিতে দলের প্রার্থী এবং নেতা-কর্মীদের বার্তা দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, প্রার্থী কিংবা তাঁর কাউন্টিং এজেন্ট, কেউ যেন ভেঙে না পড়েন। প্রথম দিকে বিজেপি যে এগিয়ে থাকবে, সে কথা তিনি আগেই বলেছেন। তাই সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করতে বলেন দলের সকলকে। তৃণমূল সুপ্রিমোর দাবি, জয় তৃণমূলেরই হবে। পাশাপাশি তিনি দলীয় কর্মী ও এজেন্টদের গণনাকেন্দ্র ছেড়ে না যাওয়ার বার্তা দেন। গণনা শেষ না হওয়া পর্যন্ত সেখানে উপস্থিত থাকার আহ্বান জানান।

এদিকে এই পরিস্থিতিতে অনেক জায়গা থেকেই তৃণমূল কর্মী সমর্থকদের গণনাকেন্দ্র থেকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। দুর্গাপুরেও একই অভিযোগ উঠেছে। প্রতিবাদে দুর্গাপুরের গণনা কেন্দ্র সরকারি মহাবিদ্যালয়ের সামনে দলীয় সমর্থকদের নিয়ে ধর্নায় বসেন পাণ্ডবেশ্বরের তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী।

অন্যদিকে আসানসোলে তৃণমূল ক্যাম্প অফিসে হামলা এবং ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। অভিযোগ ক্যাম্পে থাকা তৃণমূল নেতা কর্মীদের মারধর করা হয়েছে । ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ এবং কেন্দ্রীয়বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ লাঠিচার্জ করে বলেও অভিযোগ।

আসানসোলের জামুড়িয়ার চুরুলিয়া থেকেও উত্তেজনার খবর পাওয়া গেছে। এখানে তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। জামুড়িয়ার পাশাপাশি বারাবনি বিধানসভার গৌরান্ডি ও পানুরিয়ায় তৃণমূল কংগ্রেসের দুটি পার্টি অফিসে ভাঙচুরের পাশাপাশি আগুন লাগানোর অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযোগের আঙুল তোলা হয়েছে বিজেপির কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে।

এছাড়া বাঁকুড়ায় তৃণমূল কার্যালয় দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। কোতুলপুর বিধানসভা কেন্দ্রের খিরি গ্রামে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস দখলকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গণনার সপ্তম রাউন্ড শেষে কোতুলপুরে বিজেপি প্রার্থী উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে থাকার খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা বাড়তে থাকে। এরপরই একদল বিজেপি কর্মী-সমর্থক খিরি গ্রামের তৃণমূলের দলীয় কার্যালয়ে ঢুকে পড়েন। কার্যালয়ের দেওয়ালে থাকা তৃণমূল লেখা মুছে সেখানে বিজেপির প্রতীক আঁকে এবং ভবনের উপরে গেরুয়া পতাকা টাঙিয়ে দেয়।

এর পাশাপাশি গেরুয়া আবির ও দলীয় পাতাকা নিয়ে বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাসের ছবি দেখা যাচ্ছে রাজ্যের জেলায় জেলায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments