অঙ্কিতা চ্যাটার্জ্জী, আসানসোল -: অবশেষে দীর্ঘ ১৫ বছর ধরে বন্ধ থাকা আসানসোলের বস্তিন বাজার এলাকায় ঐতিহাসিক দুর্গা মন্দিরের দ্বার খুলে গেল। ২০১১ সাল থেকে চলা আইনি জটিলতা ও প্রশাসনিক টানাপোড়েনের অবসান ঘটিয়ে মঙ্গলবার থেকে মন্দিরে পুনরায় নিত্যপুজো শুরু হয়েছে। আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখার্জ্জীর অভাবনীয় জয়ের ঠিক পরের দিনই এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে খবর, জমি সংক্রান্ত বিবাদ এবং মন্দির পরিচালনা কমিটির অভ্যন্তরীণ কোন্দলের জেরে গত দেড় দশক ধরে মন্দিরটি কার্যত পরিত্যক্ত অবস্থায় ছিল। বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে মন্দিরে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এর ফলে এলাকার হিন্দু ধর্মাবলম্বী মানুষের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ পুঞ্জীভূত হয়েছিল।
সোমবার নির্বাচনের ফল ঘোষণার পর বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পরেই চিত্রপট বদলে যায়। মঙ্গলবার সকালেই মন্দিরটি খোলার উদ্যোগ নেওয়া হয়। ধুলোবালি পরিষ্কার করে দীর্ঘকাল পর মন্দিরে জ্বলে ওঠে প্রদীপ, শুরু হয় মন্ত্রোচ্চারণ ও শঙ্খধ্বনি। বহু বছর পর প্রিয় মন্দিরে পুজো দিতে পেরে আবেগে ভাসেন স্থানীয় বাসিন্দারা।
বিজেপি শিবিরের দাবি, এটি মানুষের দীর্ঘদিনের আবেগের জয়। তবে এই ঘটনায় রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। বিরোধী শিবিরের মতে, আইনি প্রক্রিয়া এড়িয়ে ক্ষমতার দাপটে এমন কাজ করা অনুচিত। যদিও স্থানীয় ভক্তদের কাছে এই মন্দির পুনরায় চালু হওয়া একটি বড় প্রাপ্তি।
সব মিলিয়ে আসানসোলের এই ঘটনাটি রাজ্যে রাজনৈতিক পালাবদলের সাথে সামাজিক ও ধর্মীয় পরিবর্তনের এক বিশেষ প্রতীক হয়ে দাঁড়িয়েছে।


















