সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- রাজ্য বিধানসভা নির্বাচনে বিজেপির বিরাট ব্যবধানে জয়ের পরে যখন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যখন তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় ভাঙচুর ও দখলের অভিযোগ উঠছে বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে তখন একেবারে ” উলটপুরান” আসানসোল শহরে। এখানে কংগ্রেসের নেতা ও কর্মীদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় দখলের চেষ্টার অভিযোগ উঠল।
ঘটনা প্রসঙ্গে জানা যায় আসানসোল শহরে বিএনআর মোড় সংলগ্ন তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস পুনরুদ্ধারের জন্য এদিন আসানসোল দক্ষিণ বিধানসভার কংগ্রেসের প্রার্থী শৌভিক মুখোপাধ্যায়ের নেতৃত্বে দলীয় কর্মীরা বন্ধ তৃণমূল কংগ্রেসের অফিসের সামনে কংগ্রেসের পতাকা লাগাতে শুরু করে। কংগ্রেস প্রার্থী দাবি করেন ওই অফিস আগে কংগ্রেসের ছিলো। ২০১১ সালে ক্ষমতায় আসার পরে তৃণমূল কংগ্রেস তা দখল করে নেয়। এখন তৃণমূল কংগ্রেস বিধানসভা নির্বাচনে হেরে গিয়ে, ক্ষমতা হারিয়েছে। তাই তারা তাদের পুরনো দলীয় কার্যালয় ফিরিয়ে নিতে এসেছেন।
অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আসানসোল দক্ষিণ থানার পুলিশ এবং বাহিনীর জওয়ানরা। পুলিশ কংগ্রেস কর্মীদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে দুপক্ষের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। অভিযোগ এরপর পুলিশ জোর করে তিন কংগ্রেস কর্মী সমর্থককে আটক করে থানায় নিয়ে যায়। এরপর কংগ্রেসের কর্মীরা ওই পার্টি অফিসের বাইরে ইন্দিরা গান্ধির মূর্তির সামনে ধর্ণায় বসে বিক্ষোভ দেখায়।
পুলিশ সূত্রে জানা গেছে আইন ভঙ্গ করার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।


















