সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- গেরুয়া সুনামি রাজ্যে ক্ষমতার পরিবর্তন এনেছে। এদিকে নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই রাজ্যের নানা প্রান্ত থেকে বিক্ষিপ্ত অশান্তির ছবি সামনে আসছে। এরই মধ্যে আসানসোলে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগে বিজেপি সমর্থকদের উপর লাঠিচার্জের অভিযোগে অভিযুক্ত এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল।
সোমবার রাতে আসানসোল শহরে জিটি রোডে বড় পোস্ট অফিস সংলগ্ন তৃণমুল কংগ্রেসের পার্টি অফিসে বেশ কয়েক বিজেপি কর্মী ভাঙচুর চালায় বলে অভিযোগ। সেই খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার ঘটনাস্থলে পৌঁছয় এবং অশান্তি রুখতে লাঠিচার্জ করে। এরপর কয়েকজন বিজেপি কর্মী সমর্থককে আটক করে থানায় নিয়ে যায়। প্রতিবাদে বিজেপির কর্মী ও সমর্থকেরা আসানসোল দক্ষিণ থানায় ঘেরাও করে বিক্ষোভ দেখায়।

এদিকে গোটা বিষয়টি বিজেপির জেলা নেতৃত্বের কানে পৌঁছলে তারা তা নিয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলেন। এরপরই আসানসোল দক্ষিণ থানার আইসি বা ইন্সপেক্টর ইনচার্জ অনিমেষ দাসকে সরিয়ে লাইনে ক্লোজ করা হয়।
আসানসোল দক্ষিণ থানার নতুন আইসি পদের দায়িত্ব দেওয়া হয়েছে আসানসোল সাইবার থানার আইসি বিশ্বজিৎ মুখোপাধ্যায়কে। মঙ্গলবার সকালে তিনি নতুন দায়িত্ব গ্রহণ করেছেন বলে পুলিশ কমিশনারেট সূত্রে জানা গেছে।


















