সংবাদদাতা,বাঁকুড়াঃ- রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে উদ্বিগ্ন সব মহল। গত সোমবার ভোট গণনার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নানা হিংসা অশান্তির খবর সামনে আসছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন খোদ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারও। রাজ্যে কোথাও হিংসার ঘটনা ঘটলে পুলিশ প্রশাসনকে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
সেই প্রেক্ষিতেই সর্তক রয়েছে বাঁকুড়া জেলা পুলিশ প্রশাসন। বুধবার সাংবাদিক সম্মেলন করে ভোট পরবর্তী হিংসা নিয়ে কড়া বার্তা দিলেন বাঁকুড়ার জেলাশাসক অনীশ দাশগুপ্ত ও জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য। ভোট পরবর্তী হিংসা বরদাস্ত করা হবেনা বলে স্পষ্টভাবে জানিয়ে দেন তাঁরা।
এদিনের বৈঠকে জেলাশাসক অনীশ দাশগুপ্ত বলেন, “ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে জেলায়। বিজয় মিছিল বা বিজয় উদযাপনে কোন বাধা দেওয়া হবে না। কিন্তু কোন হিংসা কোনভাবেই বরদাস্ত করা হবে না। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।”
অন্যদিকে জেলা পুলিশ সুপার বলেন, “এখনও পর্যন্ত জেলায় বড় ধরণের কোন হিংসাত্মক ঘটনার খবর নেই। বিক্ষিপ্তভাবে দু’একটি ঘটনার যা খবর পাওয়া গেছে। সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে ষাট জনকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।”

















