নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- ভোট পরবর্তী হিংসা নিয়ে মুখ্য নির্বাচন কমিশন সহ বিজেপির দলীয় নেতৃত্ব দলের নেতা কর্মীদের সতর্ক করলেও রাজ্যজুড়ে হিংসা অব্যাহত। এবার দুর্গাপুরে একের পর এক তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনা সামনে এসেছে।
দুর্গাপুরের ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের দুটি পার্টি অফিসে ভাঙচুর ও দখলের ঘটনা সামনে এসেছে। অভিযোগ, বিধান নগর ও ফুলঝোড় এলাকার ওই দুটি তৃণমূলের পার্টি অফিসে রাতের অন্ধকারে ভাঙচুর চালানোর পাশাপাশি বিজেপির দলীয় পাতাকা টাঙিয়ে দেওয়া হয়। এর মধ্যে একটি পার্টি অফিসে গেরুয়া রংও করে দেওয়া হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।
বিষয়টি নিয়ে সরব হয়েছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের জেলা সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, “শাসন ক্ষমতা হাতে পেয়েই বিরোধী দলের উপর হামলা চালানোর এই মানসিকতা অত্য়ন্ত নিন্দাজনক, এটা ঠিক নয়। যদিও তৃণমূল এতে দমে যাবে না। আগামীদিনে সংগঠনকে মজবুত করে আবার ফিরে আসবে। “
অন্যদিকে ভোট পরবর্তী এই হিংসা নিয়ে দুর্গাপুর পূর্বের নির্বাচিত বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় দাবি করেন এই ঘটনা যারা ঘটিয়েছে তারা ভোটের আগে আগে বিজেপিতে যোগ দেওয়া তৃণমূল ও বাম দল থেকে আগত কিছু লোকজন। তারা নিজেদের বিজেপি প্রমান করতে এই ধরণের ঘটনা ঘটাচ্ছে। যারা এই ধরণের ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে তনি পুলিশ প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বলেও দাবি করেছেন। তার বিধানসভা এলাকায় এই ধরণের ঘটনা বরদাস্ত করা হবে না বলেও দাবি করেছেন চন্দ্রশেখরবাবু।


















