সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- রাজ্যে শাসন ক্ষমতার পালা বদলের পর থেকেই রাজনৈতিক হিংসার ঘটনার সামনে আসছে রাজ্য জুড়ে। যদিও এবিষয়ে দলীয় কর্মী ,মর্থকদের কড়া বার্তা দিয়েছে বিজেপি নেতৃত্ব। এবার আসানসোলের জামুডিয়ার খোট্টাডিহীতে তৃণমূল কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ উঠল। যা নিয়ে এলাকায় রীজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।
শনিবার গভীর রাতে জামুড়িয়া বিধানসভার শ্যামলা অঞ্চলের খোট্টাডিহী গ্রামে কয়েকজন দুষ্কৃতী তৃণমূল নেতাকর্মীদের বাড়িতে হামলা চালায়। ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ক্ষতিগ্রস্ত তৃণমূল কর্মীদের অভিযোগ, হামলাকারীরা বর্তমানে বিজেপিতে যোগ দেওয়া তৃণমূল ও সিপিএমের প্রাক্তন কর্মী। নতুন রাজনৈতিক পরিচয়ের আড়ালে তারাই এই হামলা চালিয়েছে বলে দাবি করেন তারা।
এদিকে খবর পেয়েই রবিবার সকালে এলাকায় পৌঁছান বিজেপির জেলা সাধারণ সম্পাদক অপূর্ব হাজরা। তার সঙ্গে ছিলেন জামুড়িয়া মণ্ডল ২-এর বিজেপি নেতৃত্ব। তারা ক্ষতিগ্রস্ত প্রতিটি বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং খোঁজখবর নেন।
পরে অপূর্ব হাজরা বলেন,“আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়িয়েছি। যারা ভয়ে বাড়ি ছেড়ে বাইরে রয়েছেন, তাদের বাড়ি ফিরে আসার অনুরোধ জানানো হয়েছে। আতঙ্কের কোনও কারণ নেই। প্রশাসন সবসময় সতর্ক রয়েছে। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে খবর পেলেই পুলিশ দ্রুত ব্যবস্থা নেবে।”


















