মনোজ সিংহ, দুর্গাপুরঃ- গতকাল সন্ধ্যায় দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের জংশন মল সংলগ্ন একটি বিলাসবহুল হোটেলে আচমকাই গন্ডগোল বাঁধে। ‘পার্ক প্রাইম’ নামক ওই হোটেলে নাকি এক মহিলা দলবল নিয়ে গিয়ে হোটেল দখল করার চেষ্টা করেন বলে অভিযোগ ওই হোটেলের কর্মীদের। ঘটনাকে ঘিরে এদিন ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
স্থানীয় একটি সূত্র মারফত খবর, “পার্ক প্রাইম প্লাজা” হোটেলের প্রাক্তন মালকিন মিতা মাহাতো নাকি এদিন সন্ধ্যায় বেশ কয়েকজন যুবককে সঙ্গে নিয়ে হঠাতই হোটেলে প্রবেশ করেন এবং ওই হোটেলের সমস্ত কর্মচারীদের হোটেল থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দেন। সাথে সাথে তিনি এও দাবি করেন যে অন্যায় ভাবে তার দায়িত্বে থাকা এই হোটেলের পরিচালন ক্ষমতা স্থানীয় হোটেল ব্যবসায়ী কবি দত্ত নাকি তার প্রাক্তন ম্যানেজারকে দিয়ে বেশ কয়েক মাস আগে দখল করে নিয়েছেন অবৈধভাবে। তিনি আরও অভিযোগ করেন বেশ কিছুদিন আগে যখন নাকি হোটেল পরিচালনার দায়িত্বে তিনি ছিলেন তখন, তার অনুপস্থিতির সুযোগ নিয়ে হোটেল ব্যবসায়ী কবি দত্ত তার প্রাক্তন ম্যানেজারকে দিয়ে এখানে একটি রেড পার্টি পরিচালনা করে এবং পুলিশ দিয়ে মিথ্যা কেসে তাকে ফাঁসানোর চেষ্টা করেন। হোটেল ব্যবসায়ী যেহেতু রাজ্যের প্রাক্তন শাসক দল তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ ছিলেন তাই এতদিন তিনি তার হোটেলের দখল নিতে পারছিলেন না। তাই রাজ্যে সরকার পরিবর্তনের পর তিনি তার ন্যায্য দাবি জানিয়ে ওই হোটেলটি দখল নিতে আসেন। অন্য একটি সূত্র মারফত জানা গেছে, স্থানীয় এক গ্যাস এজেন্সির মালিকের নাকি অংশীদারি আছে ওই হোটেলে। তিনিও নাকি স্থানীয় হোটেল ব্যবসায়ী কবি দত্তর অনুগামী।
এদিকে ওই হোটেলের কর্মচারীরা অভিযোগ করেন, এক মহিলা হোটেলটি তার দাবি করে হোটেলে ঢুকে কর্মীদের মারধরের এবং লুটপাট করেন। মারধর করার পর সার্ভার রুমের একাধিক ক্যামেরা ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। হোটেলের জেনারেল ম্যানেজার তুহিন শুভ্র পাল বলেন,”ওই মহিলা দলবল নিয়ে এসে আমাদের ওপর চড়াও হয়। বেশ কিছু জিনিস ভাঙচুর করে। সিসি ক্যামেরা আর হার্ডডিক্স খুলে নিয়ে গেছে। আমাদেরকে হুমকি দেয় ও মারধর করে। আমাদের কর্মীরা আহত হয়েছে। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।”
অন্যদিকে ঘটনার খবর পেয়ে স্থানীয় দুর্গাপুর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা দ্রুততার সাথে ঘটনাস্থলে পৌঁছয় ও পরিস্থিতি সামাল দেয়। ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। যদিও এ বিষয়ে অভিযুক্ত মহিলা যিনি আবার বিজেপি কর্মী হিসেবেও পরিচিত তার কোন বক্তব্য পাওয়া যায়নি।


















