নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বর্তমান সময়ে শুভেচ্ছা জানানোর প্রধান মাধ্যম ফোন ও সামাজিক মাধ্যম। ফোন করে বা সামাজিক মাধ্যম পোস্ট করেই শুভেচ্ছা জানানোর রীতি সারেন সাধারণ মানুষ। কিন্তু দুর্গাপুরের এক দম্পতি রাজ্যের নব নির্বাচিত মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে এক অভিনব পথ বেছে নিয়েছেন। তাঁরা দুর্গাপুর থেকে পায়ে হেঁটে কলকাতায় মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়ে তাঁকে শুভেচ্ছা জানানোর সিদ্ধান্ত নিয়েছেন।
দুর্গাপুরের জব্বরপল্লীর বাসিন্দা পৃথ্বীরাজ চক্রবর্তী ও তার স্ত্রী রমা চক্রবর্তী। মঙ্গলবার দুর্গাপুরের সেন্টার থেকে কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন চক্রবর্তী দম্পতি। দম্পতির পোষাকে ছিল রঙমিলন্তি। দুজনেই পড়েছিলেন আকাশি রঙের পোষাক। আর পৃথ্বীরাজবাবু পড়নে ছিল আদ্যপান্ত বাঙালি পোষাক, ধুতি পাঞ্জাবী। সঙ্গে ছিল মুখ্যমন্ত্রীর জন্য উপহার- মিষ্টির হাড়ি ও প্রেমের ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভুর ছবি।
টানা পাঁচ দিন ধরে হেঁটে তাঁরা গন্তব্যে পৌঁছবেন। পথে বিভিন্ন জায়গায় বিশ্রাম নিয়ে আবার শুরু করবেন হাঁটা। কিন্তু গাড়িতে না গিয়ে দীর্ঘ প্রায় ১৮০ কিলোমিটার পায়ে হেঁটে শুভেচ্ছা বার্তা জানানোর কারণ কি? পৃথ্বীরাজ জানান কোন প্রত্যাশা নিয়ে তাঁরা এই যাত্রা করছেন না। ব্যক্তিগতভাবে মুখ্যমন্ত্রীর কাছে তাঁদের কিছু চাওয়া পাওয়া নেই। তবে রাজ্যের মানুষের উন্নতি ও সমস্ত শ্রেণির মানুষের মধ্যে মহপ্রভুর ভাব অর্থাৎ প্রেম ভালোবাসা ও সম্প্রীতি ছড়িয়ে দেওয়া হোক এটাই একমাত্র কামনা।
তবে এই প্রথমবার নয় এর আগেও একাধিকবার দীর্ঘ পদযাত্রা অভিযান করেছেন পৃথ্বীরাজ। এর আগে পায়ে হেঁটে দিল্লি গিয়ে রাষ্ট্রপতি ও কলকাতায় গিয়ে সৌরভ গাঙ্গুলির সঙ্গে দেখা করে তাদের শুভেচ্ছা জানিয়ে এসেছেন।


















