নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- স্কুলে গরমের ছুটি পড়ে গেছে। এরই মধ্যে তীব্র গরমের মধ্যে একটু শান্তি পেতে বন্ধুদের সঙ্গে দমোদমে স্নান করতে নেমেছিল বছর ১৫-র আয়ুষ শর্মা। আর তাতেই ঘটে গেল দুর্ঘটনা। জলে তলিয়ে মর্মান্তিক মৃত্যু হল অষ্টম শ্রেণির পড়ুয়ার। আয়ুষ দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্র ছিল বলে জানা গিয়েছে।
জানা গেছে দুর্গাপুরের সিনেমা হল রোড এলাকার বাসিন্দা আয়ুষ আজ সকালে দুই বন্ধুর সঙ্গে দুর্গাপুর ব্যারাজে গিয়েছিল দামোদরে স্নান করতে। প্রত্যক্ষদর্শীরা জানান নদীর পাড় ঘেষেই তিন বন্ধু মিলে স্নান করছিল। এরই মধ্যে আয়ুষ আচমকাই গভীর জলে চলে যায়। সাঁতার না জানার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মুহূর্তের মধ্যেই জলের তলায় তলিয়ে যেতে থাকে সে। বন্ধুরা প্রথমে তাকে বাঁচানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। এরপর চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে যায় ও তল্লাশি শুরু করে। বেশ কিছুক্ষণ পর আয়ুষকে অচৈতণ্য অবস্থায় উদ্ধার করা হয়। তড়িঘড়ি তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
অন্যদিকে এই ঘটনা আবারও দামোদর ঘাটে প্রশাসনিক নজরদারি নিয়ে প্রশ্ন তুলে দিল। প্রসঙ্গত দামোদরের বিপজ্জনক এলাকাগুলিতে বিপদ সঙ্কেত ও নির্দেশিকা দেওয়া বোর্ড থাকলেও বার বার জলে তলিয়ে মৃত্যুর ঘটনা ঘটেই চলেছে। স্থানীয়দের দাবি দুর্ঘটনা রুখতে এলাকায় প্রশানিক নজরদারির ব্যবস্থা করা খুবই জরুরি।


















