সন্তোষ কুমার মণ্ডল, দুর্গাপুরঃ- যানজটমুক্ত শহর গড়ার লক্ষ্যে কড় পদক্ষেপ আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের। শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টার এলাকায় বিশেষ অভিযানে নামল পুলিশ। নো-পার্কিং জোনে বেআইনিভাবে দাঁড় করিয়ে রাখা একাধিক গাড়ি ও বাইকের বিরুদ্ধে নেওয়া হল ব্যবস্থা।
পুলিশ সূত্রে জানা গেছে, সিটি সেন্টারের জংশন মল সংলগ্ন এলাকা, আম্বেদকর সরণি সহ একাধিক ব্যস্ত রাস্তায় দীর্ঘদিন ধরেই অবৈধ পার্কিংয়ের কারণে যানজটের সমস্যা বাড়ছিল। সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতেই এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় নো-পার্কিং জোনে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়ির জরিমানা করা হয়।
ট্রাফিক বিভাগের আধিকারিকরা জানান, শহরে নিয়ম মেনে পার্কিং করার জন্য একাধিক নির্দিষ্ট জায়গা থাকলেও অনেকেই তা উপেক্ষা করে রাস্তার ধারে গাড়ি রেখে দিচ্ছেন। এর ফলে সাধারণ যান চলাচলে সমস্যা তৈরি হচ্ছে।
ট্রাফিক পুলিশের এই পদক্ষপেকে স্বভাবতই খুশি এলাকার মানুষজন। স্থানীয়রা জানান, সিটি সেন্টার এলাকায় যত্রতত্র গাড়ি পার্কিংয়ের কারণে প্রতিদিনই ভোগান্তির শিকার হতে হয়। অন্যদিকে আগামী দিনেও এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে ট্রাফিক পুলিশ।


















