eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে ফের চললো বুলডোজার, ডিএসপি কর্তৃপক্ষের পদক্ষেপ ঘিরে বিতর্ক

দুর্গাপুরে ফের চললো বুলডোজার, ডিএসপি কর্তৃপক্ষের পদক্ষেপ ঘিরে বিতর্ক

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- দুর্গাপুরে ফের চললো বুলডোজার। গুঁড়িয়ে দেওয়া হল ডিএসপির জমিতে অবৈধভাবে গড়ে ওঠা তৃণমূলের দলীয় কার্যালয়। গত কয়েকদিন ধরে দুর্গাপুরে তৃণমূলের একাধিক তৃণমূলের দলীয় কার্যালয় ভেঙে ফেলা হয়েছে। যদিও এদিন ইস্পাত কারখানা কর্তৃপক্ষের পদক্ষেপ ঘিরে বিতর্ক শুরু হয়েছে। কারণ এদিন তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙা হলেও সিপিএমের দলীয় কার্যালয় না ভেঙেই ফিরে যায় পুলিশ প্রশাসন ও ডিএসপির কর্মী আধিকারিকরা।

প্রসঙ্গ রাজ্যে ক্ষমতার পালা বদলের পর সারা রাজ্যের পাশাপাশি দুর্গাপুরেও অবৈধ নির্মাণ ভাঙার উদ্যোগ নিয়েছে প্রশাসন। সম্প্রতি স্থানীয় প্রশাসনকে সঙ্গে নিয়ে উচ্ছেদ অভিযান শুরু করেছে দুর্গাপুর ইস্পাত কর্তৃপক্ষ। ডিএসপির জমিতে অবৈধভাবে গড়ে ওঠা বিগত শাসক দলের একের পর এক দলীয় কার্যালয় ভেঙে ফেলা হচ্ছে। সেই মতো সোমবারও পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে স্টিল টাউনশিপের মার্কনি এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় ‘পবিত্র চ্যাটার্জি স্মৃতি ভবন’ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় ডিএসপি কর্তৃপক্ষ। অন্যদিকে, মহিষ্কাপুর এলাকায় ডিএসপির জমির উপর অবস্থিত সিপিএমের একটি দলীয় কার্যালয় ভাঙতে গেলে
রুখে দাঁড়ায় সিপিএমের কর্মী সমর্থকরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শেষ পর্যন্ত ইস্পাত কারখানা কর্তৃপক্ষ সেখান থেকে সরে যায়।

সিপিএম নেতৃত্বের দাবি, কোনও উচ্ছেদ বা ভাঙার পদক্ষেপের আগে সংশ্লিষ্ট পক্ষকে যথাযথ নোটিস দেওয়া উচিত। সেই নিয়ম মেনেই পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

অন্যদিকে ডিএসপি কর্তৃপক্ষের এই ধরণের বৈষম্যমূলক আচরণ নিয়ে ইতিমধ্যেই শহরে বিতর্ক তৈরি হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments