সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- আর্জেন্টিনার প্রখ্যাত ফুটবলার লিওনেল মেসিকে নিয়ে বই লিখেছেন ক্রীড়াবিদ কমলেন্দু মিশ্র, যার নাম ” লিওনেল এ্যাট লাস্ট “। বইটিতে ২০২২ সালে বিশ্ব ফুটবলে মেসির অসাধারণ পারফরম্যান্সের ওপর আলোকপাত করা হয়েছে। বইটির মুখবন্ধ লিখেছেন সিদ্ধার্থ বসু। বইটিকে এক কথায় মেসির জানাঅজানা তথ্য সহ কুইজের প্রশ্নের সম্ভার বলা যেতে পারে।
রবিবার বার্নপুরের ভারতী ভবনে এক অনুষ্ঠানে বইটির উদ্বোধন করা হয়। আসানসোল দক্ষিণের বিধায়ক তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন এবং নারী ও শিশু কল্যান দপ্তরের মন্ত্রী অগ্রিমিত্রা পাল এদিনের অনুষ্ঠানে বইটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, মেসি শুধু একজন জনপ্রিয় ফুটবলার শুধু নন, তিনি সারা বিশ্বের লক্ষ লক্ষ তরুণের স্বপ্ন। মেসির জীবন অনেক শিক্ষা দেয়। তিনি আর্জেন্টিনার একটি নিম্ন-মধ্যবিত্ত পরিবার থেকে এসেছেন। তবে, তার কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং শৃঙ্খলার মাধ্যমে তিনি সমগ্র বিশ্বের হৃদস্পন্দন হয়ে উঠেছেন। এটি প্রমাণ করে যে আমরা কোথা থেকে শুরু করেছি তা বড় কথা নয়। বরং আমাদের কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার মাধ্যমে আমরা কতদূর পৌঁছাতে পারি সেটাই আসল।
বইয়ের লেখক কমলেন্দু মিশ্র বলেন, ফুটবলার লিওনেল মেসির যাবতীয় জানা অজানা অনেক কিছু বইয়ে তুলে ধরেছি। ২০২২ বিশ্বকাপ ফুটবলের অনেক তথ্য আছে। বইয়ে কুইজের প্রশ্ন রয়েছে। তিনি আরো বলেন, ২০২২ এর বিশ্বকাপ ফুটবল চারটি খেলা দেখার সুযোগ পেয়েছিলাম। তার মধ্যে দুটো আর্জেন্টিনার খেলাও ছিলো।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন সেল আইএসপি ও ডিএসপির ডিআইসি বা ডিরেক্টর ইনচার্জ সুরজিৎ মিশ্র, সেল আইএসপির প্রাক্তন এমডি নীলোৎপল রায়, সেল আইএসপির তিন ইডি ইউপি সিং, আরকে সিং ও প্রবীণ কুমার, ডাঃ অশোক রায়, ডঃ গৌতম বন্দোপাধ্যায়, দীপক রুদ্র ও নরেশ আগরওয়াল।


















