সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- রাজ্যে পালা বদলের পর আসানসোলের ইস্পাত নগরীর বার্নপুরে জোর কদমে চলছে উচ্ছেদ অভিযান। সেই উচ্ছেদ অভিযানে ইতিমধ্যেই ভাঙা পড়েছে তৃণমূলের একাধিক দলীয় কার্যালয় থেকে ক্লাব এবং তৃণমূল কাউন্সিলরদের অফিস। বুধবার এই উচ্ছেদ অভিযানে ভাঙা হল আসানসোল পুরনিগমের এক প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের অফিস ঘর।
এদিন পুরনিগমের ৮০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর বিনোদ কুমার যাদবের অফিস বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
অন্যদিকে প্রাক্তন কাউন্সিলর বলেন, “২০১৫ সালে এই ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর অফিসটি তৈরি করা হয়েছিল। অফিসটির উদ্দেশ্য ছিল স্থানীয় বাসিন্দাদের সুবিধা প্রদান করা এবং তাদের সমস্যার সমাধান করা। এই অফিস থেকে এলাকার অনেক অভাবী মানুষকে স্থানীয় ভাবে সহায়তা প্রদান করা হতো। তাই অফিসটি ভেঙে ফেলার ফলে এখন বিভিন্ন চাহিদাসম্পন্ন বাসিন্দাদের অসুবিধা সৃষ্টি হবে।”
প্রসঙ্গতঃ, সেল আইএসপি বর্তমানে এলাকায় অবৈধ দখল উচ্ছেদ অভিযান চালাচ্ছে। আগামী দিনেও এই অভিযান লাগাতার চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।



















