সংবাদদাতা, বাঁকুড়া :– শারীরিক ও মানসিক সুস্থতার বার্তা ছড়িয়ে দিতে আজ বিশ্ব জুড়ে পালিত হচ্ছে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস। দেশজুড়ে সরকারি ও বেসরকারি নানা সংগঠন ও সংস্থার তরফে আয়োজন করা হয়েছে যোগ দিবস উপলক্ষ্যে বিশেষ কর্মসূচি। কলকাতায় রেড রোডে যোগ দিবসের বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বাঁকুড়ায় যোগ দিবস পালিত হল পাহাড়ের কোলে মনোরম প্রাকৃতিক পরিবেশের মধ্যে সূর্যোদয়ের আবহে। যেখানে, গ্রামবাসী পড়ুয়া থেকে প্রশাসনিক আধিকারিক সহ যোগ দিয়েছিলেন প্রায় শতাধিক মানুষ। গ্রামবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ যোগ দিবসের এই বিশেষ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেছিল।
যোগ দিবসের এই বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক চিরন্তন প্রামাণিক, ছাতনা বিধানসভার বিধায়ক সত্যনারায়ণ মুখার্জি, ছাতনা ব্লকের বিডিও সৌরভ ধল্ল, জয়েন্ট বিডিও কৌশিক সরকার, ছাতনা থানার আইসি বিটুল পাল, ঝাঁটিপাহাড়ি ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক সৌম্যদীপ চ্যাটার্জী, যোগা প্রশিক্ষিকা পূজা কর্মকার – সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক, স্থানীয় গ্রামবাসী ও পড়ুয়ারা।
















